ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্যশিল্পীদের কর্মশালা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেলের উদ্যোগে ঢাকায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্যশিল্পীদের অংশগ্রহণে শুক্রবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী প্রযোজনাভিত্তিক নৃত্য কর্মশালা।
শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো এ কর্মশালার আয়োজন করছে বলে গ্লিটজকে জানিয়েছেন একাডেমির সংশ্লিষ্ট সেলের সহকারী পরিচালক এস.এম. শামীম আকতার।
শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের মহড়া কক্ষে কর্মশালার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
শামীম আকতারের মতে, ঢাকায় নাচের প্রোগ্রামগুলোতে আদিবাসী নৃত্য খুব বেশি প্রদর্শিত হয়নি। এবার বড় পরিসরে শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাচ নিয়ে একটি উৎসবের পরিকল্পনা করেছে একাডেমি। এর পাশাপাশি সব নৃত্যগোষ্ঠীর নাচের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের নৃত্যশিল্পীদের পরিচয় করিয়ে দেওয়াও এ কর্মশালার উদ্দেশ্য।
এবারের কর্মশালায় চাকমা, মারমা, ত্রিপুরা, বম, লুসাই, গারো সম্প্রদায়ের অর্ধশতাধিক নৃত্যশিল্পী অংশ নিচ্ছেন। কর্মশালায় চাকমাদের ‘জুম’, ত্রিপুরাদের ‘বোতল’, বম ও লুসাইদের ‘বাঁশ’, মারমাদের ‘ছাতা ও থালা’, গারোদের ‘ওয়াংগালা’ নৃত্যের উপর প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মশালায় ক্লাস নেবেন রাঙামাটির নৃত্যশিল্পী শোভন দেওয়ান টিটু চাকমা এবং হালুয়াঘাটের গারো সম্প্রদায়ের মালা মার্থে আরেং।
কর্মশালার শেষে ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রশিক্ষণ গ্রহণকারীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
