২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান উৎসবে যাচ্ছে শঙ্খধ্বনির চিত্রনাট্য

বাংলাদেশের তরুণ নির্মাতা কামার আহমদ সাইমনের একটি কাহিনীচিত্রের চিত্রনাট্য কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 08:40 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

আগামী মে মাসে অনুষ্ঠেয় কান চলচ্চিত্র উৎসবের ‘লা ফাব্রিক দে  সিনেমা দ্যু মোঁদ’র জন্য চিত্রনাট্যটি নির্বাচিত হয়েছে বলে ফরাসি দূতাবাস জানিয়েছে।

সিনেমা দ্য মোঁদ পাভিলিওঁ মেধাবী তরুণ নির্মাতাদের সহযোগিতার লক্ষ্যে লা ফাব্রিক দে  সিনেমা দ্যু মোঁদ আয়াজন করে।

কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে ঘনিষ্ঠ লা ফাব্রিক দে  সিনেমা দ্যু মোঁদ সেই সব তরুণ নির্মাতাদের প্রকল্পে সহযোগিতা করে যারা প্রথম বা দ্বিতীয় কাহিনী চিত্রের কাজ করছেন।

কান উৎসবের সময় নির্বাচিত নির্মাতাদের আমন্ত্রণ জানানো হয়।

বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাকর আসর কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় বাংলাদেশি চলচ্চিত্র বা চিত্রনাট্য হিসেবে স্থান পাচ্ছে শঙ্খধ্বনির চিত্রনাট্য।  এর আগে ২০০২ সালে এই আসরে স্থান পেয়েছিল তারেক মাসুদের ‘মাটির ময়না’।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কান চলচ্চিত্র উৎসবে স্থান পাওয়া আমার মতো তরুণ পরিচালকের জন্য খুবই অনুপ্রেরণার।”

তিনি জানান, তিনি ও তার প্রথম চলচ্চিত্র ‘শুনতে কি পাও’র প্রযোজক সারা আফরীন গত মঙ্গলবার ফরাসি দূতাবাস থেকে আমন্ত্রণ পেয়েছেন।

তরুণ এই নির্মাতার প্রথম চলচ্চিত্র ‘শুনতে কি পাও’ বাংলাদেশে মুক্তি পাওয়ার আগেই আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

‘শঙ্খধ্বনি’ তার প্রথম কাহিনী চিত্র হবে বলে জানান সাইমন।