২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপহীন ‘সাউন্ড অফ সাইলেন্স’

সংলাপহীন টেলিফিল্ম ‘সাউন্ড অফ সাইলেন্স’-এ অভিনয় করলেন নাঈম ও অগ্নিলা ইকবাল। টেলিফিল্মটি পরিচালনা করেছেন ইমতিয়াজ সজীব।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 03:30 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

এ বিষয়ে ইমতিয়াজ গ্লিটজকে বলেন, “সাউন্ড অফ সাইলেন্স একটি পরীক্ষামূলক কাজ। দর্শক এখানে নতুনধারার স্বাদ পাবে আশা করি।”

তিনি জানান, চার অধ্যায়ে বিভক্ত গল্পের টেলিফিল্মে কোনো সংলাপ নেই।

“এ সময়ের সেরা টেলিফিল্ম  বলা চলে সাউন্ড অব সাইলেন্সকে।” মন্তব্য করলেন ইমতিয়াজ।

টেলিফিল্মে নাঈম অভিনীত চরিত্রের নাম শাওন এবং অগ্নিলা অভিনীত চরিত্রের নাম নিঝুম।

শৈশবে পরিচিত শাওন ও নিঝুম বড় হয়ে পাশাপাশি দুটি অফিসে চাকরি করে। আস্তে আস্তে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা মিলতে পারে না। এমন একটি গল্প নিয়ে টেলিফিল্মের কাহিনি এগিয়েছে।

রুশা, ইমরানসহ আরও অনেকে অভিনয় করেছেন টেলিফিল্মটিতে।

নাঈম ২০০৭ সালের অভিনয় শুরু করেন রুমানা রশীদ ঈশিতার পরিচালিত ‘এক নিঝুম অরণ্যে’ নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি পরিচিতি পান বিজ্ঞাপনের মাধ্যমে। তবে নিয়মিত অভিনয় করছেন শুরু থেকেই।

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘বিপ্রতীপ’ নাটকের মাধ্যমে ১৯৯৯ সালে অভিনয় শুরু করেন অগ্নিলা। এরপর পরিবারের সঙ্গে প্রায় একযুগ আগে কানাডায় বসবাস শুরু করেন তিনি। আবার অভিনয়ে ফিরেছেন ২০১২ সালে।

সম্প্রতি এক মোবাইল অপারেটর কোম্পানির একটি বিজ্ঞাপনে অগ্নিলার সঙ্গে কাজ করেছেন নাঈম। তাদের একসঙ্গে করা প্রথম কাজ বিজ্ঞাপনচিত্র এটি। এরপর ইমতিয়াজ তাদের নিয়ে টেলিফিল্ম নির্মাণ করলেন।