২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফের বিপরীতে প্রিয়াঙ্কা

নির্মাতা প্রভুদেবার নতুন সিনেমায় এবার একসঙ্গে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়া এবং সাইফ আলি খানকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 03:17 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বলিউডে এখন জোর গুঞ্জন, সহ-অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে দূরত্ব থাকলেও এবার কারিনার স্বামী সাইফের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন প্রিয়াঙ্কা।

মিডডের দেওয়া খবর অনুযায়ী, প্রভুদেবার নতুন এই সিনেমা হবে অ্যাকশন ধাঁচের।

এর আগে পরপর দুবার সাইফের সঙ্গে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে। কিন্তু কারিনার সঙ্গে সম্পর্কের শীতলতার কারণে বরাবরই সাইফকে এড়িয়ে চলেছেন তিনি। অবশ্য সিনেমায় অভিনয় না করার কারণ হিসেবে ব্যস্ত শিডিউলকেই দায়ী করেন প্রিয়াঙ্কা।

এক সূত্র জানায়, সাইফের সঙ্গে প্রিয়াঙ্কার অভিনয় করার কথা ছিল ‘ককটেইল’ সিনেমায়। কিন্তু তখন তিনি ব্যস্ত ছিলেন ‘বারফি!’ সিনেমার শুটিংয়ে। অবশেষে তার চরিত্রটি চলে যায় দীপিকা পাড়ুকোনের কাছে।

সম্প্রতি প্রিয়াঙ্কাকে দেওয়া হয় আরও একটি প্রস্তাব। সাইফের বিপরীতে ‘হ্যাপি এন্ডিং’ সিনেমায় অভিনয়ের জন্য। কিন্তু তখন প্রিয়াঙ্কার হাতে ছিল ‘গুন্ডে’ সিনেমার কাজ। শেষমেশ ‘হ্যাপি এন্ডিং’-এ অভিনয় করছেন ইলিয়ানা ডি ক্রুজ।

সাইফের সঙ্গে বিয়ের অনেক আগে থেকেই চলছে কারিনা এবং প্রিয়াঙ্কার লড়াই। বলিউডের অন্যতম বিতর্কিত এই লড়াই শুরু হয় ২০০৪ সালে এই দুজন অভিনীত সিনেমা ‘এতরাজ’-এর পর থেকে।

‘এতরাজ’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন কারিনা এবং প্রিয়াঙ্কা। কাজের সুবাদে বেশ ভালো বন্ধুত্ব হয়েছিল দুজনের মধ্যে। কিন্তু সিনেমাটি মুক্তির পর হঠাৎ করেই খ্যাতির শীর্ষে পৌঁছে যান প্রিয়াঙ্কা। আর বিষয়টি পছন্দ হয়নি কারিনার।

দুজনের এই লড়াই আরও তুঙ্গে ওঠে, যখন কারিনার সাবেক প্রেমিক শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা হয় প্রিয়াঙ্কার। শেষ পর্যন্ত শাহিদের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক না টিকলেও একে অপরের কাছ থেকে আজও দূরত্ব বজায় রেখে চলেন কারিনা-প্রিয়াঙ্কা।