আর্থিক কষ্টে আবদি
‘ক্যাপ্টেন ফিলিপস’ সিনেমার জন্য অস্কারের মনোনয়ন পাওয়া অভিনেতা বারখাদ আবদির দিন কাটছে আর্থিক কষ্টে।
ব্যাং শোবিজ জানিয়েছে, থ্রিলার ফিল্ম ‘ক্যাপ্টেন ফিলিপস’-এ অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে অস্কারের মনোনয়ন পেয়েছিলেন বারখাদ আবদি। অভিনয়ের জন্য এমন স্বীকৃতি পেলেও বাস্তব জীবনে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি অস্কার অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘দ্য নিউ ইয়র্কার’ ম্যাগাজিনকে আবদি জানান, ‘ক্যাপ্টেন ফিলিপস’ সিনেমাটি তৈরি করা হয়েছে দুই বছর আগে। এই সিনেমায় অভিনয় করে তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ৬৮ হাজার ডলার। কিন্তু এরপর থেকে আর কোনো সিনেমায় অভিনয়ের সুযোগ পাননি তিনি।
আর তাই জীবিকার তাগিদে গত বছর তার ভাইয়ের মোবাইলের দোকানে কাজ শুরু করেছিলেন আবদি।
তবে ‘ক্যাপ্টেন ফিলিপস’ মুক্তির পাওয়ার পর মোবাইলের দোকানের কাজ ছেড়ে দিয়েছেন আবদি। তিনি বলেন, “সিনেমাটি মুক্তি পাওয়ার পর আমার মনে হয়েছিল, সবাই হয়ত এটি পছন্দ করবে কিংবা হয়ত করবে না। কিন্তু ফলাফল যেটাই হোক, আমি আর কোনো দোকানে কাজ করতে পারব না।”
সোমালিয়ান বংশোদ্ভূত এই অভিনেতা আরও জানান, এই সিনেমায় কাজ করার আগে তিনি একটি লিমোজিন গাড়ির ড্রাইভার হিসেবে চাকরি করেছেন। আর তখনই ‘ক্যাপ্টেন ফিলিপস’-এ অভিনয়ের সুযোগ পান তিনি।
২৮ বছর বয়সী এই অভিনেতা আরও জানান, ‘ক্যাপ্টেন ফিলিপস’-এ কাজ করার পর থেকে লস অ্যাঞ্জেলেসের একটি স্টুডিও তার ভরনপোষণের ব্যবস্থা করেছিল বেভারলি হিলটন হোটেলে। কিন্তু সেই পাঁচ তারকা হোটেলে বেশিদিন থাকার সুযোগ হয়নি তার। এরপর এক সোমালি বন্ধুর কাছাকাছি থাকার জন্য আরেকটি হোটেলে গিয়ে ওঠেন আবদি।
দ্য নিউ ইয়র্কার পত্রিকা আরও জানায়, অস্কার আসরে অংশ নেওয়ার জন্য নিজের পোশাকও ভাড়া করে আনতে হয়েছে আবদিকে।
২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ক্যাপ্টেন ফিলিপস’-এ অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন সোমালি এই অভিনেতা। এই সিনেমার জন্য সম্প্রতি বাফটা পুরস্কারও জিতেছেন আবদি।
২০০৯ সালে ঘটে যাওয়া কার্গো জাহাজ মাস্ক আলবামা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘ক্যাপ্টেন ফিলিপস’। এখানে একজন সোমালি জলদস্যুর ভূমিকায় অভিনয় করেছেন আবদি। আর সিনেমার মূল চরিত্র ক্যাপ্টেন ফিলিপসের ভূমিকায় ছিলেন টম হ্যাংকস।
এ বছর অস্কারে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা এবং সেরা সিনেমাসহ মোট ছয়টি বিভাগে অস্কারের মনোনয়ন পেয়েছিল ‘ক্যাপ্টেন ফিলিপস’। তবে শেষপর্যন্ত জিততে পারেনি একটিতেও। আবদি নিজে ‘পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা’ বিভাগে হেরে যান ‘ডালাস বায়ার্স ক্লাব’-এর অভিনেতা জ্যারেড লেটোর কাছে।
