২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রু ডিটেকটিভ’ ছাড়ছেন ম্যাককনাহে

ক্রাইম ড্রামা সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’-এর দ্বিতীয় সিজনে অভিনয় করবেন না ম্যাথিউ ম্যাককনাহে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 04:37 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

এইচবিওর টিভি মিনিসিরিজ ‘ট্রু ডিটেকটিভ’-এর দ্বিতীয় সিজনে দেখা যাবে না ম্যাককনাহেকে। কারণ এবার অনুষ্ঠানটিকে ‘অ্যান্থলজি সিরিজ’ আকারে প্রচার করতে চাইছেন নির্মাতারা। যেখানে প্রতিটি নতুন সিজনে থাকবে নতুন কাহিনি এবং নতুন চরিত্র।

সম্প্রতি ম্যাককনাহে বলেন, “আমি সিজন টুতে ফিরছি না। সিজন ওয়ানেই আমার চরিত্র শেষ হয়েছে।”

আইএমডিবিতে ৯ দশমিক ৫ রেটিং পাওয়া ক্রাইম ড্রামা ‘ট্রু ডিটেকটিভ’ নির্মাণ করেছেন নিক পিজলাতো। এর পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা।

অনুষ্ঠানের প্রথম সিজনে দেখা গেছে দুজন গোয়েন্দা পুলিশকে। আমেরিকার লুজিয়ানা শহরের এমন এক সিরিয়াল কিলারকে ধরার দায়িত্ব পড়েছে তাদের উপর, যাকে প্রায় ১৭ বছর ধরে খুঁজছে পুলিশ।

‘ট্রু ডিটেকটিভ’এর প্রথম সিজনে মূল চরিত্রে অভিনয় করেছেন ম্যাককনাহে। সঙ্গে ছিলেন উডি হ্যারেলসন।

চলতি বছরের ১২ জানুয়ারি শুরু হওয়া এই সিরিজের এই সিজনে প্রচারিত হবে মোট আটটি পর্ব। আসছে ৯ মার্চ প্রচারিত হবে প্রথম সিজনের শেষ পর্ব।

এদিকে ‘ট্রু ডিটেকটিভ’ ছাড়াও এ বছর ব্যাপক আলোচনায় এসেছেন ম্যাককনাহে। বায়োগ্রাফি ড্রামা ‘ডালাস বায়ারস ক্লাব’ সিনেমায় একজন এইডস রোগীর ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার অস্কার জিতেছেন তিনি।

সেরা অভিনেতাসহ মোট ছয়টি বিভাগে অস্কারের জন্য মনোনীত হয় ‘ডালাস বায়ারস ক্লাব’। এরমধ্যে জিতে নিয়েছে তিনটি। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন জ্যারেড লেটো।

চলতি বছর মুক্তি পাবে ম্যাককনাহে অভিনীত সিনেমা ‘ইন্টারস্টেলার’। সাই-ফাই ধাঁচের এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে এবং জেসিকা চেস্টেইন। সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান।