২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লরেন্সকে হাঁটতে শেখালেন ব্লানচেট

পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা বল গাউন পরে কীভাবে সাবলীল ভঙ্গিতে হাঁটা যায়, এবারের অস্কারে জেনিফার লরেন্সকে তা শিখিয়েছেন অভিনেত্রী কেইট ব্লানচেট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 06:42 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

যে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকে অভিনেত্রীদের পরনের পোশাক। নামকরা সব ডিজাইনারদের নকশায় বল গাউন পরে অনুষ্ঠানকে আরও জমকালো করে তোলেন অভিনেত্রীরা।

কিন্তু পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা এই পোশাকগুলো অনেক সময়ই হয়ে ওঠে বিড়ম্বনার কারণ। দীর্ঘ এই পোশাক পরে হাঁটতে গিয়ে হোঁচট খাননি, এমন অভিনেত্রীর দেখা মেলা ভার।

হোঁচট খাওয়ার তালিকায় সবচেয়ে উপরে আছেন অভিনেত্রী জেনিফার লরেন্স। অস্কার অনুষ্ঠানে গত দুই বছরে বেশ কয়েকবার নিজের পোশাকের কারণে হোঁচট খেতে হয়েছে তাকে। আর তাই এবার লরেন্সের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেত্রী কেইট ব্লানচেট।

৩ মার্চ অস্কার অনুষ্ঠানের লাল গালিচায় এমনই এক ঘটনা ঘটিয়ে আরও একবার সংবাদের শিরোনাম হয়েছেন লরেন্স। তখন ব্লানচেট তাকে দেখিয়ে দেন, কীভাবে পোশাক সামলে সাবলীল ভঙ্গিতে হাঁটতে হয়।

২০১৩ সালের অস্কার অনুষ্ঠানেও একই বিড়ম্বনায় পড়েন লরেন্স। ক্যারিয়ারের প্রথম অস্কার হাতে নিতে গিয়ে মঞ্চে ওঠার সময় নিজের পোশাকের কারণে হোঁচট খান তিনি।

‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমার জন্য সে বছর সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন লরেন্স।

এ বছর অস্কারের জন্য মনোনীত হলেও শেষমেশ তিনি হেরে গেছেন অভিনেত্রী লুপিতা নিয়নগোর কাছে। ‘আমেরিকান হাসল’ সিনেমায় অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন লরেন্স। কিন্তু এই বিভাগে অস্কার জিতেছেন ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’-এর অভিনেত্রী নিয়নগো।

ওদিকে পুরো অ্যাওয়ার্ড মৌসুম বাজিমাত করে এবার সেরা অভিনেত্রীর অস্কারটিও ঘরে তুলেছেন কেইট ব্লানচেট। ড্রামা ধাঁচের সিনেমা ‘ব্লু জেসমিন’এ অভিনয় করে এই ট্রফি জেতেন তিনি।

উডি অ্যালেন নির্মিত সিনেমা ‘ব্লু জেসমিন’ এ বছর তিনটি বিভাগে অস্কারের জন মনোনীত হয়েছিল। অস্কার ছাড়া সেরা অভিনেত্রী হিসেবে বাফটা পুরস্কারও পেয়েছেন ব্ল্যানচেট।