২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা

তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম প্রযোজনা ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ মঞ্চায়নের জন্য প্রস্তুত হয়েছে। মার্কিন নাট্যকার লুইজি ব্রায়ান্ট রচিত ‘দ্য গেম’ অবলম্বনে নাটকটির বাংলা রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 06:05 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রুবাইয়াৎ গ্লিটজকে জানান, ১১ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকের কারিগরি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এ নাটকের উদ্বোধনী মঞ্চায়নের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেবে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র।

রুবাইয়াৎ আরও জানান, ‘দ্য গেম’ লুইজি ব্রায়ান্ট রচিত একটি হিতোপদেশমূলক একাঙ্ক নাটক। যেখানে আত্মহত্যাকে নিরুৎসাহিত করে জীবনের জয়গান গাওয়া হয়েছে।

১৯১৬ সালে ‘দ্য প্রোভিন্সটাউন প্লেস’-এ ‘দ্য গেম’ সর্বপ্রথম প্রকাশিত হয়। সেখান থেকেই পুনর্মুদ্রিত ইন্টারনেট সংস্করণ থেকে নাটকটি নেওয়া হয়েছে। বাংলা রূপান্তরে নাম দেওয়া হয়েছে ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’।

এতে দেখা যাবে, এক তরুণ কবি ও তরুণী নৃত্যশিল্পী আত্মহত্যার জন্য একই স্থানে আসে। সেখানে তাদের নিয়ে খেলায় মেতে ওঠে দুই অতিলৌকিক চরিত্র জীবন ও মৃত্যু। জীবন চায় তাদের বাঁচাতে আর মৃত্যু নিতে চায় ছিনিয়ে। নানা ঘটনার মধ্যদিয়ে জয়ী হয় জীবন। আর তরুণ-তরুণী পায় কাঙ্ক্ষিত মানুষের সন্ধান। তারা ভালোবাসে একে অপরকে। তারা বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়।

প্রয়াত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ স্মরণে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয় চলতি বছরের ৫ জানুয়ারি। নাট্যপ্রযোজনার পাশাপাশি নাটক ও চলচ্চিত্রবিষয়ক কর্মশালা পরিচালনা, চলচ্চিত্র প্রদর্শনী, সৃজনশীল লেখকদের রচনা থেকে পাঠচক্রসহ সাংস্কৃতিক উন্নয়ন, সৃজনশীল অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।