২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির পথে ‘সংগ্রাম’

আমান রেজা এবং দিলরুবা ইয়াসমিন রুহী অভিনীত প্রথম সিনেমা ‘সংগ্রাম’ মুক্তি পাচ্ছে ২৮ মার্চ। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি পরিচালনা করেছেন প্রবাসী পরিচালক মনসুর আলী।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 06:03 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

মনসুর আলী এ সিনেমার মাধ্যমে ঢালিউডের পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন।

এতে প্রধান চরিত্রের নাম ‘করিম’। চরিত্রটি রূপায়ন করেছেন আমান রেজা ও বলিউডি অভিনেতা অনুপম খের। করিমের প্রেমিকার নাম আশা। এ চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা ইয়াসমিন রুহী।

সিনেমাতে দেখা যাবে, গ্রামের মুসলমান যুবক করিম ভালোবাসে হিন্দু ধর্মাবলম্বী আশাকে। যুদ্ধ শুরু হলে মুক্তিযোদ্ধার দলে নাম লেখায় করিম। অন্যদিকে যুদ্ধের ভয়াবহতায় আশা চলে যায় ভারতে। যুদ্ধ শেষে ফিরে এসে করিম জানতে পারে আশা দেশত্যাগ করেছেন। করিম পাড়ি জমান ইংল্যান্ডে। কেটে যায় ৪৩ বছর। একদিন এক ব্রিটিশ সাংবাদিক করিমের বীরত্বের গল্প শুনে তার সাক্ষাৎকার নিতে আসেন। করিমের বয়ানে যুদ্ধের ভয়াবহতা, বাঙালির সাহসিকতার পাশাপাশি উঠে আসে আশার সঙ্গে তার প্রেমের গল্পও।

মনসুর আলী গ্লিটজকে জানিয়েছেন, সিনেমাতে বাংলা সংলাপের সঙ্গে ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা হয়েছে।

তিনি আরও জানান, সিনেমাটি প্রথম সপ্তাহে ঢাকার কটি হলে মুক্তি দেওয়ার পর ঢাকার বাইরে মুক্তি দেওয়া হবে। তবে ঠিক কতটি হলে মুক্তি পাবে ‘সংগ্রাম’-- এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি মনসুর।

মনসুর জানিয়েছেন, সারাদেশে মুক্তি দেওয়ার আগে ২৬ মার্চ ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস হলে প্রিমিয়ার শো হবে।

সম্প্রতি ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে ‘সংগ্রাম’ সিনেমার প্রচারণায় অংশ নিয়েছেন রুহী ও মনসুর আলী।

অভিনেত্রী রুহী ও পরিচালক মনসুর আলী নারী দিবসের জন্য ‘মঙ্গলাকাঙ্ক্ষী’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন। নারীকেন্দ্রিক নাটকটি নির্মাণ করেছেন অহিদুজ্জামান ডায়মন্ড ।

এদিকে রুহী এখন অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ সিনেমাতে অভিনয় করছেন।

অন্যদিকে আমান অভিনীত দুটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হল জি সরকারের ‘জান’ এবং আনোয়ার সিরাজীর ‘ভাবীর আদর’।