২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকায় সম্মানিত বাংলাদেশী মূকাভিনেতা

মূকাভিনয়ে বিশেষ অবদানের জন্য লস এঞ্জেলেসে বিশেষ সম্মাননা পেলেন প্রবাসী মূকাভিনেতা মশহুরুল হুদা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:24 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শুক্রবার লস এঞ্জেলেসের মেয়র অফিসের সিটি হলে মেয়র এরিক গার্সেটি স্বাক্ষরিত ‘সার্টিফিকেট অব রেকগনিশন’ সনদ মশহুরুল হুদার হাতে তুলে দেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

গ্লিটজকে এ খবর জানিয়েছেন বাংলাদেশ হুদা মাইম ক্লাবের জনসংযোগ কর্মকর্তা সোহাগ আশরাফ।

সোহাগ আশরাফ জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে মূকাভিনয় চর্চার পাশাপাশি গবেষক হিসেবে ‘হুদাইয়োগা’ নামে নিজস্ব এক মাইমো পদ্ধতির প্রবর্তন করেছেন হুদা।

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম কর্মী হুদা ১৯৭৫ সালে আমেরিকান মূকাভিনেতা এডাম দারিউসের সান্নিধ্যে মূকাভিনয়ে উৎসাহী হয়ে ওঠেন। ১৯৮৩ সালে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সহায়তায় বৃত্তি নিয়ে মূকাভিনয়ের উপর উচ্চতর প্রশিক্ষণের জন্য আমেরিকায় যান।

১৯৮৫ সালে হুদা লস এঞ্জেলেসে নিউ এজ মাইম থিয়েটার প্রতিষ্ঠার মাধ্যমে নতুন ধারার মূকাভিনয় চর্চা শুরু করেন। হুদা লস এঞ্জেলেসে দ্য নিও মাইম এন্ড মুভমেন্ট থিয়েটার এবং বাংলাদেশে হুদা মাইম ক্লাব গঠন করেছেন।

সোহাগ জানিয়েছেন, মঙ্গলবার দেশে আসছেন মশহুরুল হুদা। দেশে এসে তিনি বাংলাদেশ হুদা মাইম ক্লাবের আয়োজনে ৫ দিনব্যাপী মূকাভিনয়ের একটি কর্মশালা পরিচালনা করবেন। ১৩ মার্চ থেকে এটি শুরু হবে।

কর্মশালার শেষে  হুদা মাইম ক্লাব একটি মূকাভিনয় প্রতিযোগিতা আয়োজন করবে।