২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল ‘ওয়ান মিনিট জুনিয়র ফিল্ম ফেস্টিভ্যাল’

‘দ্য ওয়ান মিনিট জুনিয়র ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পর্দা নামল শুক্রবার। চতুর্থবারের মতো আয়োজিত এই উৎসবে শিশু ও দর্শকের রায়ে ছয়জন খুদে নির্মাতা সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 04:25 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

ওয়ান মিনিট জুনিয়র ফিল্ম ফেস্টিভ্যাল

চিলড্রেনস টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশের (সিটিএফবি) উদ্যোগে বুধবার জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শুরু হয় এ উৎসব। চতুর্থবারের মতো আয়োজিত এ উৎসবে সারাদেশের ৭০ জন খুদে নির্মাতার ১ মিনিট দৈর্ঘ্যরে ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

এবারের উৎসবে ‘শিশু বিচারক’ শাখায় সিলেটের আমিনা আক্তার, গাজীপুরের রবিউল আলম রবিন ও সোনিয়া আক্তার মিতু সেরা পুরস্কার পেয়েছে। তাদের নির্মিত সিনেমাগুলো হল যথাক্রমে ‘ভণ্ডামি’, ‘তৈল মর্দন’ এবং ‘দায়িত্বশীলতা’।

অন্যদিকে ‘দর্শক বিচারক’ শাখায় ঢাকার সাফকাত আমীন, ফাহমিদা আক্তার সামিয়া এবং সিলেটের মোস্তাফিজুর রহমান সেরার পুরস্কার পেয়েছে। তাদের নির্মিত সিনেমা হল ‘আত্মনির্ভরতা’, ‘স্রোতে বিপরীত’ এবং ‘অনুভব’।

এবারের উৎসবের সেশনগুলো তিন প্রয়াত অভিনেতা আনোয়ার হোসেন, খালেদ খান এবং বেলাল মোহাম্মদের নামে নামকরণ করা হয়েছে। ‘খালেদ খান’ সেশনটি ছিল আলোচনার। প্রথম দিন ‘টিভি ও মোবাইলে শিশুর জন্য উপযোগী প্রোগ্রাম’ ও দ্বিতীয় দিন ‘টিভি বিজ্ঞাপন শিশুর মানসিক বিকাশে প্রতিবন্ধকতা’ শিরোনামে দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘আনোয়ার হোসেন’ সেশনে প্রদর্শিত হয় খুদে নির্মাতাদের সিনেমা। শিশুতোষ গল্পের পাশাপাশি স্বাধীনতা,পরিবেশবিষয়ক সচেতনতা, নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের গল্পও ফুটে উঠেছে তাদের সিনেমাতে।

‘স্রোতে বিপরীত’-এর নির্মাতা ফাহমিদা হক সায়মা জানায়, ইভটিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক স্কুলছাত্রীর গল্প নিয়ে নির্মিত হয়েছে তার সিনেমা। এতে অভিনয় করেছে তার স্কুলের বন্ধুরা।

অথৈ ক্লারা গ্রেগরির ‘সম্মান’ সিনেমাতে উঠে এসেছে শহিদ মিনার অবমাননার কথা। ভাষার মাসে আয়োজিত উৎসবে এ সিনেমার মাধ্যমে সে ছোটবড় সবাইকে একটাই অনুরোধ জানিয়েছে “ভাষা শহিদদের স্মৃতিবিজড়িত শহিদ মিনারকে ঘিরে যেন কোনো অন্যায় কাজ না হয়।”

আয়োজক সূত্র জানিয়েছে, ইউনিসেফ, অ্যাকশন এইড ও সিটিএফবির অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন স্থানে ‘দ্য ওয়ান মিনিট জুনিয়র’ শিরোনামে বেশ কটি কর্মশালা পরিচালনা করেছে সিটিএফবি। এসব কর্মশালায় অংশগ্রহণকারী খুদে নির্মাতারা প্রত্যেকেই একটি করে এক মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্র নির্মাণ করেছে। সিনেমাগুলোর চিত্রনাট্য, সেট ডিজাইন, অভিনয় ও ক্যামেরা পরিচালনা-- সবকিছুই করেছে খুদে নির্মাতারা।