অভিনয়ের প্রশংসা চান সিদ্ধার্থ
নিজের চেহারা নয় বরং কাজের প্রশংসা আশা করেন নবাগত বলিউডি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হাসি তো ফাসি’ সিনেমার সুবাদে আলোচনায় উঠে এসেছেন তিনি। তবে দর্শকদের কাছে চেহারা নয় বরং তার অভিনয়ের প্রশংসা বেশি আশা করেন সাবেক ওই সুদর্শন র্যাম্প মডেল।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, কারান জোহরের পরিচালনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার সাফল্যের মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন সিদ্ধার্থ। পরিনীতি চোপড়ার সঙ্গে তার ‘হাসি তো ফাসি’ সিনেমাও বক্স অফিসে ব্যবসা করছে সফলভাবে। তবে ‘গুডলুকস’-এর জন্যই দর্শকদের কাছে বেশি আলোচিত হয়ে থাকেন সিদ্ধার্থ।
সিদ্ধার্থ বলেন, “বলিউডে আমি পুরোপুরি নতুন। আমি আমার চেহারা নয় বরং কাজের এবং প্রতিভার জন্য জনপ্রিয় হতে চাই। আমি চাই আমার সিনেমা সফলভাবে বক্স অফিসে চলুক। দর্শকদের কাছ থেকে প্রশংসা পাওয়া খুবই জরুরি।”
তিনি আরও বলেন, “যে সিনেমা আমাকে অনেক বেশি টাকা এনে দেবে তেমন কাজ আমি চাই না। চলচ্চিত্র নিয়ে ব্যবসা করতে চাই না আমি। ‘হাসি তো ফাসি’ সিনেমায় অভিনয় করতে পেরে আমি খুবই আনন্দিত। দর্শকরা আমার চরিত্র পছন্দ করেছেন। আর সেখানে আমার পোশাক এবং চেহারাকে বাদ দিয়ে তারা আমার অভিনয়কেই বেশি প্রাধান্য দিয়েছেন।”
তবে ‘হাসি তো ফাসি’ সিনেমায় সিদ্ধার্থের চেয়ে পরিনীতির চরিত্রকে দর্শকরা বেশি পছন্দ করেছেন।
এ বিষয়ে সিদ্ধার্থ বলেন, “সিনেমা হল একটি দলগত কাজ। ‘হাসি তো ফাসি’ পরিনীতির একার কাজ নয়। তবে তার কাজ সত্যিই অসাধারণ। আর এ জন্য আমি খুবই খুশি। তবে সিনেমাটি তৈরি করতে প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছেন।”
জোহর এবং অনুরাগ কশ্যপের প্রযোজনায় রোমান্টিক কমেডি সিনেমা ‘হাসি তো ফাসি’ মুক্তি পেয়েছে ৭ ফেব্রুয়ারি। সিনেমাটি পরিচালনায় ছিলেন নবাগত পরিচালক ভিনিল ম্যাথিউ। সিনেমাটির আয় এখন পর্যন্ত ৩০ কোটি রুপির বেশি।
সিনেমাটি মুক্তির দিন বেশ চিন্তিত ছিলেন সিদ্ধার্থ। কারণ এটিই ছিল একক নায়ক হিসেবে তার প্রথম সিনেমা। এর আগের সিনেমায় তার সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ভারুন ধাওয়ান।
সিদ্ধার্থ বলেন, “রোমান্টিক-কমেডি সিনেমাগুলোতে একটু ভিন্নতা আনা খুবই জরুরি। এগুলো গতানুগতিক হয়ে পড়েছে। ভিন্নতা আনা হলে তা দর্শকদের আকর্ষণ করতে পারে।”
সিদ্ধার্থকে খুব শীঘ্রই ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে মোহিত সুরির ‘দ্য ভিলেইন’ সিনেমায়।
