২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘কনজুরিং টু’

আলোচিত হলিউডি হরর সিনেমা ‘কনজুরিং’-এর সিকুয়েল ‘কনজুরিং টু’ মুক্তি পাবে ২০১৫ সালে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 05:41 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত হরর সিনেমা ‘কনজুরিং’। সিনেমাটি পরিচালনা করেছিলেন জেমস ওয়ান। সিনেমাটির সিকুয়েল মুক্তি পাবে ২০১৫ সালের ২৩ অক্টোবর।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ‘কনজুরিং টু’-এর পরিচালনায় থাকছেন না জেমস ওয়ান। আর তাই সিনেমাটির জন্য পরিচালক খুঁজছেন প্রযোজকরা।

সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান নিউ লাইন এবং ওয়ার্নার ব্রাদার্স। এখনও পর্যন্ত ওই তারিখে অন্যকোনো সিনেমার মুক্তির সম্ভাবনা নেই।

‘কনজুরিং’ সিনেমাটিতে এক পরিবারের কাহিনি তুলে ধরা হয়েছে। যারা নতুন বাসায় ওঠার পরই তাদের উপর শুরু হয় ওই বাড়ির প্রেতাত্মার অত্যাচার। আর এ থেকে বাঁচাতে তাদের সাহায্যে এগিয়ে আসেন দুজন প্যারানরমাল ইনভেসটিগেটর।

এদিকে, ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ‘কুইন বি মমস অ্যান্ড কিংপিন ড্যাডস’ বই অবলম্বনে নির্মিতব্য ‘মিন মমস’ সিনেমা মুক্তির তারিখও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের ৮ মে। অন্যদিকে একই প্রতিষ্ঠানের ‘হাও টু বি সিংগেল’ সিনেমা মুক্তি পাবে ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি।

‘কনজুরিং টু’-কে মুক্তির পরই পাল্লা দিতে হবে ইউনিভার্সালের ব্যানারে ‘ড্রাকুলা আনটোল্ড’ এবং প্যারামাউন্টসের ‘প্যারানরমাল অ্যাকটিভিটি ফাইভ’-এর সঙ্গে। ‘ড্রাকুলা আনটোল্ড’ মুক্তি পাবে একই বছরের ১৭ অক্টোবর এবং ‘প্যারানরমাল অ্যাকটিভিটি ফাইভ’ মুক্তি পাবে ২৪ অক্টোবর।

হ্যালোউইন উৎসবের মৌসুমে হলিউডে চলবে হরর সিনেমার মেলা।

অন্যদিকে ২০১৬ সালের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘হাও টু বি সিঙ্গেল’ সিনেমাটি। ওই একই সময় মুক্তি পাবে ‘গডস অফ ইজিপ্ট’ এবং প্যারামাউন্টের ব্যানারে একটি সিনেমা।