২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় থ্রি ডি ‘অ্যাভাটার’

থ্রি ডি ভার্সনের ‘অ্যাভাটার’ বৃহস্পতিবার ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। এদিন সন্ধ্যা ৭টায় এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 05:38 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

এর আগে টু ডি প্রযুক্তিতে সিনেমাটি প্রদর্শন করেছে স্টার সিনেপ্লেক্স।

গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেজবাহউদ্দিন আহমেদ।

হলিউডি পরিচালক জেমস ক্যামেরন নির্মিত এপিক সায়েন্স ফিকশন ও অ্যাকশন ধাঁচের সিনেমাটি হলিউডে মুক্তি পায় ২০০৯ সালের ১৬ ডিসেম্বর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সেম ওরদিংটন, জোয়ি সালডানা, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ, জোয়েল ডেভিড মোর।

এতে দেখা গেছে, পৃথিবী থেকে ৪ দশমিক ৩ আলোকবর্ষ দূরে ‘আলফা সেঞ্চুরি এ’ অঞ্চলে অবস্থিত ‘প্যান্ডোরা’ নামের একটি গ্রহে উপনিবেশ স্থাপন করে পৃথিবীর মানুষ। সেই প্যান্ডোরায় রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান উনোবটানিয়াম, যা উত্তোলন করা হচ্ছে। কিন্তু সেখানকার অধিবাসী নাভি স¤প্রদায় তাদের সম্পদ দিতে রাজি নয়। প্রায়ই তারা তির-ধনুক নিয়ে হামলা চালায় মেশিনগানে সজ্জিত মানুষদের উপর। বৃথা রক্তপাত এড়ানোর জন্য মাইনিং প্রতিষ্ঠানটি ‘অ্যাভাটার প্রজেক্ট’ বলে একটি গবেষণায় অর্থলগ্নি শুরু করে। এ গবেষণার মাধ্যমে না’ভিদের মতো শরীর তৈরি করে তাতে একজন মানুষের আত্মা প্রবেশ করিয়ে দিতে সক্ষম হয় তারা। বিষয়টির মধ্য দিয়ে গবেষকরা নাভিদের সঙ্গে সুসম্পর্ক তৈরির ইচ্ছা করলেও মাইনিং প্রতিষ্ঠানটি একজন সেনা সদস্যকে গবেষণায় যুক্ত করে নাভিদের প্রভাবিত করার জন্য। কিন্তু সেই সেনা আরেক না’ভির প্রেমে পড়ে এবং একসময় তাদের হয়ে যুদ্ধে নেতৃত্ব দেয়। পৃথিবীবাসী মানুষ এবং প্যান্ডোরার স্থানীয় অধিবাসী নাভিদের মধ্যে গ্রহটির সম্পদ লুণ্ঠনের চেষ্টা ও তার প্রতিরোধে যুদ্ধের ঘটনা দেখানো হয়েছে ছবিটিতে।

এ সিনেমা নির্মাণের জন্য উদ্ভাবন করা হয়েছিল বিশেষ স্টেরিওস্কোপিক ক্যামেরা।

হলিউডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এই সিনেমার বাজেট ছিল ২৩.৭ কোটি মার্কিন ডলার। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ৮২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সিনেমাটি তিন বিভাগে পুরস্কার পায়। তার আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জিতে নেয় একাধিক পুরস্কার।