ফুলকির সংগীত কর্মশালা
আমেরিকান দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার চট্টগ্রামে শিশু শিক্ষা প্রতিষ্ঠান ফুলকির উদ্যোগে এক সংগীত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তিন মার্কিন সংগীতশিল্পী মঙ্গলবার সকালে এই কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় ফুলকি পরিচালিত দুটি সংগীত স্কুল ও সংগঠন সোনারতরী ও রক্তকরবীর শিক্ষক ও শিল্পীরা এবং ফুলকি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শ্রমজীবী নারীর সন্তান ও শ্রমজীবী শিশুদের শিক্ষার সংগঠন ফুলকির সংগঠকরা জানান, দুদেশের সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবেই মার্কিন তিন শিল্পী এ কর্মশালায় অংশ নিয়েছেন।
অংশ নেওয়া তিন মার্কিন শিল্পী হলেন, লরা কর্টেসে, মেরিয়েল ভেনডারস্টিল এবং ভ্যালেরি টমসন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ফুলকির নির্বাহী সচিব রাশেদ হাসান এবং ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তা ক্লডিয়া পেইজ।
কর্মশালা চলাকালে ফুলকীর শিক্ষার্থীরা দুটি রবীন্দ্র সংগীত গেয়ে শোনান এবং আমেরিকান শিল্পীরাও তিনটি সংগীত পরিবেশন করেন।
কর্মশালায় উভয়দেশের সংগীত, সুর এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
