২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজরূপার সরোদ সন্ধ্যা

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) শুক্রবার সন্ধ্যায় সরোদ পরিবেশন করবেন রাজরূপা চৌধুরী।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 04:55 PM

Updated : 25 Apr 2022, 03:52 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইজিসিসি জানায়, গুলশানে অবস্থিত কেন্দ্রে একক সরোদ পরিবেশন করবেন রাজরূপা চৌধুরী। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে।

রাজরূপা চৌধুরী জন্মগ্রহণ করেন কলকাতায়। তিনি পাঁচবছর বয়স থেকে ওস্তাদ আমীর খান স্কুল অফ ইন্সট্রুমেন্টাল মিউজিকে সরোদ শেখেন প্রণব নাহার অধীনে। তিনি পণ্ডিত অজয় সিনহা রায় এবং সিদ্ধার্থ রায়চৌধুরীর কাছ থেকেও তালিম গ্রহণ করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এরপর তিনি অধ্যাপক সঞ্জয় বন্দোপাধ্যায়ের কাছে তালিম গ্রহণ শুরু করেন। রাজরূপার বাদনশৈলী গঠনে অধ্যাপক সঞ্জয়ের বিশেষ ভূমিকা আছে। রাজরূপা বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন।

রাজরূপা সংগীতভিত্তিক নানা প্রতিযোগিতা, সম্মেলনে  ও উৎসবে অংশ নেন নিয়মিত। ঢাকায় বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবে পরপর দুবছর অংশ নিয়েছেন তিনি। তিনি সর্বকনিষ্ঠ সরোদশিল্পী হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত উত্তর আমেরিকান বাঙালি সম্মেলনে অংশ নেন ১৯৯৫ সালে।