রণবীরের প্রশংসায় অমিতাভ
বলিউডি অভিনেতা রণবীর কাপুরের অভিনয়ের প্রশংসা করে তার সঙ্গে এক সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন।
সম্প্রতি অমিতাভ বচ্চন অভিনীত ‘ভূতনাথ রিটার্নস’ সিনেমায় একটি দৃশ্যে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের অভিনেতা রণবীর কাপুর। তার সঙ্গে আগামীতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন অমিতাভ।
‘ভূতনাথ রিটার্নস’-এর ট্রেইলর লঞ্চ অনুষ্ঠানে রণবীরের প্রশংসা করেন অমিতাভ।
তিনি বলেন, “সিনেমাটিতে একটি ছোট দৃশ্যে অভিনয় করেছেন রণবীর। তবে তার সঙ্গে শুটিং করিনি আমি। রণবীর দারুণ জনপ্রিয় একজন তরুণ অভিনেতা। তার সঙ্গে আমি নিজের তুলনা করতে চাই না। আশা করছি ভবিষ্যতে আমি তার সঙ্গে কাজ করার সুযোগ পাব।”
নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে বরাবরই আনন্দ পান অমিতাভ বচ্চন।
বিগ বি বলেন, “এখনও প্রতিদিনই কিছু না কিছু শিখছি আমি। একজন অভিনয়শিল্পীর জন্য পর্যবেক্ষণ খুবই জরুরি বিষয়। আমি টিনসেলে রয়েছি দীর্ঘদিন ধরে। আর প্রতি দশ বছরে নতুন একটি প্রজন্ম এগিয়ে এসেছে। তাদের সঙ্গে কাজ করতে আমার দারুণ লাগে।”
নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘ভূতনাথ রিটার্নস’ সিনেমায় বিগ বির সঙ্গে অভিনয় করেছেন বোমান ইরানি। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১১ এপ্রিল।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভূতনাথ’ সিনেমার সিকুয়েল ‘ভূতনাথ রিটার্নস’। মূল সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন বিগ বি। সেই সিনেমায় তিনি এক নিঃসঙ্গ প্রেতাত্মার চরিত্রে অভিনয় করেছিলেন যার বন্ধু হয় এক শিশু। শিশুটির বাবা ও মায়ের ভূমিকায় ছিলেন শাহরুখ খান এবং জুহি চাওলা। হরর কমেডিভিত্তিক সিনেমাটি মুক্তির পর আলোড়ন সৃষ্টি করেছিল বক্স অফিসে।
অন্যদিকে রণবীর কাপুর এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন সিনেমার শুটিংয়ে। বর্তমানে ‘রয়’, ‘বম্বে ভেলভেট’ এবং ‘জাগ্গা জাসুস’ সিনেমা তিনটির শুটিংয়ে ব্যস্ত তিনি।
