২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ‘কেয়া কুল হ্যায় হাম’

যৌনতাভিত্তিক কমেডি সিনেমা ‘কেয়া কুল হ্যায় হাম’-এর তিন নম্বর সিকুয়েল নির্মাণের কাজ শুরু হয়েছে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 04:41 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

২০০৫ সালে মুক্তি পায় ‘কেয়া কুল হ্যায় হাম’-এর প্রথম পর্ব।

মুম্বাই মিরর জানিয়েছে, সম্প্রতি শুরু হয়েছে ‘কেয়া কুল হ্যায় হাম’-এর তৃতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ। লিখছেন ‘গ্র্যান্ড মাস্তি’ সিনেমার চিত্রনাট্যকার মিলাপ জাভেরি।

মিলাপ সম্প্রতি মিরর পত্রিকাকে বলেন, “কমেডি সিনেমা ‘গ্র্যান্ড মাস্তি’ মুক্তির পর আমার সহকারী লেখক মুশতাক শেখকে নিয়ে আমি যাই একতা কাপুরের কাছে। তাকে জানাই ‘কেয়া কুল হ্যায় হাম পার্ট থ্রি’-র কথা।”

তিনি আরও বলেন, “নির্মাতা ইন্দ্রকুমার যদিও ‘গ্র্যান্ড মাস্তি’ পরিচালনা করে সমালোচকদের চোখ রাঙানি পেয়েছেন। কিন্তু দর্শক সিনেমাটি খুবই পছন্দ করেছে। এটি এখন প্রমাণিত, ভারতের নব্বইভাগ দর্শক এ ধরনের সিনেমা দেখতে চান। তাই আমি এবং মুশতাক একতাকে অনুরোধ করেছি তার প্রযোজিত ‘কেয়া কুল হ্যায় হাম’ সিরিজটি এগিয়ে নিতে, তিনি রাজি হয়েছেন।”

২০০৫ সালের সিনেমা ‘কেয়া কুল হ্যায় হাম’-এ অভিনয় করেছিলেন রিতেশ দেশমুখ এবং তুষার কাপুর। সিনেমাটি পরিচালনা করেছিলেন সংগীত শিবান এবং প্রযোজনা করেছিলেন একতা কাপুর। ২০১২ সালে মুক্তি পায় এর সিকুয়েল ‘কেয়া সুপার কুল হ্যায় হাম’। সেটি পরিচালনা করেছিলেন শচিন ইয়ারদি এবং প্রযোজনায় ছিলেন একতা কাপুর। দ্বিতীয় পর্বেও অভিনয় করেছিলেন রিতেশ দেশমুখ ও তুষার কাপুর।

মিলাপ জানান, এই সিরিজের তৃতীয় পর্বে নিশ্চিতভাবে অভিনয় করবেন তুষার কাপুর। কিন্তু রিতেশ থাকবেন কি না, তা এখনও বলা যাচ্ছে না। কারণ সম্প্রতি রিতেশ জানিয়েছিলেন, যৌনতাভিত্তিক কমেডি এবং তিন নায়কের সিনেমায় তিনি আর অভিনয় করতে চান না।

এদিকে ‘কেয়া কুল হ্যায় হাম থ্রি’ ছাড়াও নতুন এক কমেডি সিনেমার চিত্রনাট্য লিখছেন মিলাপ। মিলাপ জানান, এই সিনেমাটি নাম হবে ‘উ লা লা’ এবং এটি পরিচালনা করবেন তিনি নিজেই।

অ্যাডাল্ট কমেডি ‘গ্র্যান্ড মাস্তি’ মুক্তি পায় ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর। সমালোচকদের  গ্রহণযোগ্যতা না পেলেও ব্যবসায়িকভাবে ব্যাপক সফল হয় সিনেমাটি। সে বছরের সবচাইতে ব্যবসাসফল সিনেমার অন্যতম ছিল ‘গ্র্যান্ড মাস্তি’।

এতে অভিনয় করেছিলেন রিতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি এবং বিবেক ওবেরয়।