২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘লরা কর্টেসে অ্যান্ড দ্য ডান্স কার্ডস’

মার্কিন সংগীতদল লরা কর্টেসে অ্যান্ড দ্য ডান্স কার্ডস বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে একটি কনসার্টে পারফর্ম করবে। তাদের সঙ্গে দেশি ব্যান্ড হিসেবে থাকবে জলের গান।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 02:03 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতরের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক ব্যুরোর অর্থায়নে ‘প্রবাসে আমেরিকান সংগীত’ কর্মসূচির আওতায় প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছে লরা কর্টেসে অ্যান্ড দ্য ডান্স কার্ডস।

জাদুঘরের কনসার্ট দিয়ে সফর শুরু করছে তারা। এরপর সংগীত দলটি ঢাকা ও চট্টগ্রামের তরুণ সংগীতশিল্পীদের নিয়ে কর্মশালা পরিচালনা করবে। তারা স্থানীয় সংগীতশিল্পীদের সঙ্গে গণসংযোগেও অংশ নেবেন।

আমেরিকান লোকসংগীতের দল লরা কর্টেসে অ্যান্ড দ্য ডান্স কার্ডসের সব সদস্যই নারী। এর প্রধান লরা কর্টেসে একাধারে গীতিকার ও বেহালাবাদক। তার একক অ্যালবামের সংখ্যা ৬। প্রথম অ্যালবাম ‘হাশ’ ২০০৪ সালে এবং শেষ একক ‘ইনটু দ্য ডার্ক’ ২০১৩ সালে প্রকাশিত হয়েছে। লরা কর্টেসের সঙ্গে এসেছেন দুই বাদক বন্ধু ভেলোরি থম্পসন ও মেরিয়েল ভেন্ডারস্টিল।

এর আগে একই কর্মসূচির আওতায় তারা ভারত, কাজাখস্তান, উজবেকিস্তানে সফর করে এসেছেন।