‘আমেরিকান ব্লাড’-এ কুপার
নতুন ক্রাইম থ্রিলার ‘আমেরিকান ব্লাড’-এ দেখা যাবে হলিউডি অভিনেতা ব্র্যাডলি কুপারকে। সিনেমাটি প্রযোজনা করবে ওয়ার্নার ব্রাদার্স।
এইস শোবিজ জানিয়েছে, সিনেমার কাহিনী গড়ে উঠেছে নিউ ইয়র্কের একজন পুলিশ অফিসারকে নিয়ে। এখানে দেখা যাবে, নিউ মেক্সিকোতে পুলিশি নজরদারিতে থাকা অবস্থায় হারিয়ে যান একটি গুরুত্বপূর্ণ কেসের একমাত্র সাক্ষী। আর ওই ঘটনার তদন্তে জড়িয়ে পড়েন সেই পুলিশ অফিসার।
সিনেমাটির কাহিনী নেয়া হয়েছে নিউজিল্যান্ডের লেখক বেন স্যান্ডারসের উপন্যাস ‘আমেরিকান ব্লাড’ থেকে। উপন্যাসটি ২০১৫ সালের সেপ্টেম্বরের পরে প্রকাশিত হবে, এর কয়েকটি সিক্যুয়াল পর্বও বের হবে। ফলে সিনেমাটিরও সিক্যুয়াল তৈরির সম্ভাবনা রয়েছে।
‘আমেরিকান ব্লাড’এর চিত্রনাট্য লিখবেন এন্ড্রু সোড্রোস্কি।
ওয়ার্নার ব্রাদার্সের পাশাপাশি সিনেমাটির প্রযোকদের মধ্যে থাকবেন কুপার নিজেও, সঙ্গে থাকবেন জন লেশার এবং অ্যাডাম কাসান। তবে সিনেমাটি পরিচালনা করবেন কে, তা এখনও জানা যায়নি।
এদিকে, মুক্তির অপেক্ষায় আছে কুপারের সাইফাই সিনেমা ‘গার্ডিয়ানস অফ গ্যালাক্সি’। এখানে রকেট রেকুনের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন কুপার। এতে অভিনয় করেছেন জোয়ি সালডানা, ডেভ বাতিস্তা, ক্রিস প্যাট প্রমুখ।
এছাড়াও কুপার অভিনীত থ্রিলার ফিল্ম ‘লিমিটলেস’ এবার প্রদর্শিত হবে টিভি সিরিজ আকারে, আর এটি প্রযোজনা করছেন কুপার নিজেই।
মার্চ মাসে কুপার ফিরবেন ব্রডওয়ে মঞ্চে। ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ নাটকে অভিনয় করবেন তিনি।
ক্যারিয়ারের প্রথমদিকে টিভি অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়া কুপার হলিউডি সিনেমায় আসেন ২০০৫ সালে। ওই সময়ে ‘ওয়েডিং ক্র্যাশার্স’, ‘ইয়েস ম্যান’, ‘জি জাস্ট নট ইনটু ইউ’ নামের রোমান্টিক কমেডিগুলোতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। তবে তিনি সবচেয়ে বেশী জনপ্রিয়তা অর্জন করেন ‘হ্যাংওভার’ ট্রিলজির মাধ্যমে। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত নির্মীত ওই কমেডি সিরিজের তিনটিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।
২০১২ সালে মুক্তি পায় কুপার অভিনীত সিনেমা ‘সিলভার লাইনিংস প্লেবুক’। সিনেমাটিতে বাইপোলার রোগে আক্রান্ত এক যুবকের ভূমিকায় অভিনয় করে সেবার ‘সেরা অভিনেতা’র অস্কার মনোনয়ন অর্জন করেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ২০১৩ সালের ব্ল্যাক কমেডি ‘আমেরিকান হাসল’। সিনেমাটি এবারের অস্কারের আসরে ১১ টি মনোনয়ন পেয়েছে।
