২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রসংগীত সম্মেলন হল ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায়। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও আবৃত্তি বিভাগের পরিচালক এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কোষাধ্যক্ষ সোহরাব উদ্দীন ও ব্রাহ্মণবাড়িয়ার বর্ষীয়ান সংগীত শিল্পী সন্ধ্যা রায়।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 05:16 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সভাপতি আহমদ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ও ব্রাহ্মণববাড়িয়া পরিষদ সাধারণ সম্পাদক অরুণাভ পোদ্দার জানান, যন্ত্রসংগীতে রাগ কাফি পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন ওস্তাদ আফজালুর রহমান খানের মেয়ে রুবা রহমান ও অন্তরা রহমান। এরপর সমবেত সংগীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন পীযূষ কান্তি আচার্য, মণিকা আচার্য, পপি দেবনাথ, সোমা পাল, অনামিকা দত্ত।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাইরে থেকে পরিবেশনায় অংশ নেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মনসুরা বেগম, সাইদা হোসেন পাপড়ি, মিতা পাল ও ডা. মল্লিকা বিশ্বাস।

সম্মেলনের শেষ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নতুন কমিটি ঘোষিত হয়। অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাভেল রহমান ও চন্দনা চৌধুরী।