সিনেমার সেটে ফোন বন্ধ
নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর সেটে এবার কলাকুশলীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন এর প্রযোজকরা। শুটিংয়ের ফাঁকে তোলা কিছু ছবি প্রকাশিত হওয়ার পর এই নিষেধাজ্ঞা জারি করেন তারা।
মিডডে পত্রিকা জানিয়েছে, এই সিনেমার ব্যাপারে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। সম্প্রতি শুটিংয়ের ফাঁকে তোলা কলাকুশলীদের কিছু ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে যায়, এরপর থেকে সেটে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন সিনেমা কর্তৃপক্ষ।
এক সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে মুম্বাইয়ের এক স্টুডিওতে চলছিল ‘হ্যাপি নিউ ইয়ার’-এর শুটিং। প্রথম কয়েক ঘণ্টা শুটিং চলেছে কোনো ঝামেলা ছাড়া। কিন্তু এরপর খবর ছড়িয়ে পড়ে, ওখানে শুটিং করছেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। খবর ছড়িয়ে পড়ার পর লোকজনের ভিড় জমতে থাকে। শেষমেশ শুটিং করার জন্য যোগ করা হয় বাড়তি নিরাপত্তা।
এই ঘটনার পর সিনেমার সেটে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেন ‘হ্যাপি নিউ ইয়ার’এর প্রযোজকরা। কারণ, মোবাইলের মাধ্যমে ছবি তুলে কেউ সিনেমার গোপনীয়তা নষ্ট করবে সেই ঝুঁকি নিতে রাজি নন তারা।
সূত্রটি জানায়, সিনেমার কয়েকজন ‘ব্যাকগ্রাউন্ড ডান্সার’ ইতোমধ্যেই কলাকুশলীদের ছবি তুলেছেন। আর সেই ছবিগুলো ফাঁস হয়েছে অনলাইনে। এরা কেউই সিনেমার সঙ্গে যুক্ত নন, শুধুমাত্র গানের দৃশ্যের জন্য এদের নেওয়া হয়েছিল।
ছবিগুলো ফাঁস হওয়ার খবর প্রযোজকরা জানতে পেরে খুবই ক্ষুব্ধ হয়েছেন। কারণ তারা চান না এমনভাবে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার প্রদর্শন করা হোক।
সূত্রটি আরও জানায়, মোবাইল ফোন বন্ধ রাখার নিয়ম আরও আগেই জারি করা হয়েছিল। কিন্তু এর আগে বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি। তবে এখন এই নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে জানানো হয়েছে সবাইকে।
চলতি বছর বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা হিসেবে ধরা হচ্ছে ‘হ্যাপি নিউ ইয়ার’কে। অ্যাকশন-কমেডি ধাঁচের এই সিনেমায় শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করছেন অভিষেক বচ্চন, বোমান ইরানি এবং সনু সুদ।
সিনেমাটির পরিচালনা করছেন ফারাহ খান। যিনি এর আগে নির্মাণ করেছেন ‘ম্যায় হু না’ এবং ‘ওম শান্তি ওম’এর মতো বাণিজ্যসফল সিনেমা।
কয়েকদিন আগে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন শাহরুখ। শুটিং চলার সময় হঠাৎ করে হোটেলের দরজা ভেঙে পড়ে তার গায়ের উপর। ওই ঘটনায় মাথা এবং কাঁধে মারাত্মক ব্যথা পেয়েছিলেন শাহরুখ।
পহেলা জানুয়ারি প্রকাশিত হয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার’এর প্রথম পোস্টার। কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি কবে মুক্তি পাবে সিনেমাটি।
