২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন সফরে জোলি

সিরিয়ার শরণার্থীদের চমকে দিতে ২৪ ফেব্রুয়ারি লেবানন সফরে যান হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 05:11 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

কন্টাক্ট মিউজিক জানায়, যুক্তরাষ্ট্রের শরণার্থী বিষয়ক হাই কমিশনের শুভেচ্ছা দূত হলেন জোলি। তিনি শরণার্থীদের বিষয়ে সচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে তার ওই সফরে কথা বলেন লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালামের সঙ্গে।

লেবাননের গৃহযুদ্ধের কারণে গৃহহারা হয়ে পড়েছেন অনেক মানুষ। আর তাদের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই পদক্ষেপ গ্রহণ করেছেন জোলি। জোলি তার এই সফরে বেশ কয়েকজন অনাথ শিশুর সঙ্গেও দেখা করেন।

এই সফর সম্পর্কে ‘সল্ট’ খ্যাত ওই অভিনেত্রী বলেন, “শরণার্থী শিশুদের সঙ্গে দেখা করে সত্যিই আনন্দিত আমি। তারা পুরো পরিবারকে হারিয়েছে। আর যুদ্ধ ছিনিয়ে নিয়েছে তাদের শৈশব। তারা বয়সে খুবই ছোট কিন্তু তারপরও তাদের অনেক বড় বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। তাদের দেখলে মনে হয় তাদের বয়স অনেক বেড়ে গেছে।”

জোলি আরও বলেন, “শরণার্থীদের প্রতি লেবাননের অধিবাসীরা যে মহত্ত্ব দেখিয়েছেন তা সত্যিই অসাধারণ। পুরো বিশ্বের উচিত তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। আমাদের সকলের উচিত তাদের সাহয্যে এগিয়ে আসা।”

অস্কারজয়ী হলিউডি ওই অভিনেত্রী ২৪ তারিখ লেবানন সফরের আগে ২২ তারিখ ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জাবেরির সঙ্গে বাগদাদে দেখা করেন। তখন জোলির সামাজিক কর্মকাণ্ডের জন্য তাকে সম্মানিত করেন জাবেরি। জাবেরি জোলির হাতে একটি লাল রঙের বাক্স তুলে দেন।

ওই সময় জোলি জাবেরির সঙ্গে সিরিয়ার শরণার্থীরা যেন পর্যাপ্ত খাদ্য, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পায় সে বিষয়ে কথা বলেন।

২০০৩ সাল থেকে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছেন জোলি। নারী এবং শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরেই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ওই অভিনেত্রী। ইরাকে শরণার্থী শিশুদের শিক্ষার ব্যবস্থা করতেও এর আগে এগিয়ে এসেছিলেন জোলি।

এদিকে, জোলি অভিনীত ‘ম্যালফিসেন্ট’ সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২৪ মে।