আনুশকা নাকি আলিয়া?
কারান জোহর প্রযোজিত নতুন সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে নায়িকা হতে পারেন আনুশকা শর্মা অথবা আলিয়া ভাট।
মুম্বাই মিরর জানিয়েছে, সিনেমাটি পরিচালনা করবেন তরুণ মানসুখানি। এর কাহিনি গড়ে উঠবে ২০০৬ সালে মুক্তি পাওয়া ফরাসি সিনেমা ‘প্রাইসলেস’ অবলম্বনে।
‘প্রাইসলেস’ নির্মাণ করেছিলেন বিখ্যাত ফরাসি পরিচালক পিয়েরে সালভাদরি।
এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় আলিয়ার অভিনয় দক্ষতা দেখে খুবই খুশি হয়েছেন কারান। এদিকে আনুশকার সঙ্গেও কাজ করতে চাচ্ছেন তিনি। নতুন সিনেমার এই চরিত্রের জন্য আলিয়া এবং আনুশকা,দুজনই যোগ্য।
সূত্রটি আরও জানায়,আলিয়া এবং আনুশকা দুজনেই জানেন কারান এই সিনেমার জন্য তাদের একজনকে নিতে চান। তাই এই মুহূর্তে দুজনেই অপেক্ষা করছেন কারানের সিদ্ধান্তের।
২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে পা রাখেন আলিয়া ভাট। সিনেমাটি পরিচালনা করেছিলেন কারান জোহর। এর আগে ১৯৯৯ সালে শিশুশিল্পী হিসেবে ‘সংঘর্ষ’ সিনেমায় অভিনয় করেছিলেন আলিয়া।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘হাইওয়ে’। ইমতিয়াজ আলির পরিচালনায় ‘হাইওয়ে’তে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন রণদীপ হুড়া।
চলতি বছর মুক্তি পাবে আলিয়া অভিনীত আরও দুটি সিনেমা, ‘টু স্টেটস’ এবং ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’।
অভিনেত্রী আনুশকা শর্মার বলিউডে অভিষেক ঘটে ২০০৮ সালে ‘রাব নে বানাদি জোড়ি’ সিনেমার মাধ্যমে। ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ওই সিনেমায় আনুশকার বিপরীতে অভিনয় করেছিলেন শাহরুখ খান।
বর্তমানে আনুশকা অভিনয় করছেন তার নিজের প্রযোজিত প্রথম সিনেমা ‘এনএইচ টেন’-এ। চলতি বছর মুক্তি পাবে আনুশকা অভিনীত ‘পিকে’ এবং ‘বোম্বে ভেলভেট’।
‘পিকে’তে আনুশকাকে দেখা যাবে আমির খানের সঙ্গে, আর ‘বোম্বে ভেলভেট’এ তিনি অভিনয় করেছেন রণবীর কাপুরের সঙ্গে।
