২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিনের ভূমিকায় ডিহান

প্রয়াত হলিউডি অভিনেতা জেমস ডিনের জীবনী অবলম্বনে সিনেমা নির্মাণ করবেন অ্যান্টন কর্বিজন। বায়োপিকে ডিনের ভূমিকায় দেখা যাবে ডেইন ডিহানকে। সিনেমাটিতে আরও অভিনয় করবেন স্যার বেন কিংসলে এবং রবার্ট প্যাটিনসন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 06:02 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, সিনেমার কলাকুশলীদের মধ্যে আরও আছেন ইতালীয় অভিনেত্রী আলেসান্দ্রা মাস্ত্রোনারদি।

তবে কিংসলে এবং মাস্ত্রোনারদি কোন কোন চরিত্রে অভিনয় করবেন, তা জানা যায়নি এখনও।

সিনেমার কাহিনি গড়ে উঠবে ১৯৫৫ সালের পটভূমিতে। সে বছর ডিনের সঙ্গে ভ্রমণে বেরিয়েছিলেন ‘লাইফ’ ম্যাগাজিনের ফটোগ্রাফার ডেনিস স্টক। তাদের পরিচয়ের কয়েক মাস পরেই মারা যান ডিন।

স্টকের ক্যামেরায় উঠেছিল ডিনের কিছু বিরল ছবি, যা আজও জনপ্রিয়। স্টকের ভূমিকায় দেখা যাবে প্যাটিনসনকে।

পঞ্চাশের দশকে দাপুটে হলিউডি অভিনেতাদের একজন ছিলেন ডিন। টিভিতে অনেক কাজ করলেও হলিউডে তার ক্যারিয়ার ছিল মাত্র পাঁচ বছরের। কিন্তু এই পাঁচ বছরেই নিজের অভিনয় দক্ষতা দিয়েই ইতিহাসে চিরস্থায়ীভাবে নিজের স্থান করে নিয়েছেন ডিন।

১৯৫৫ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ইস্ট অফ ইডেন’-এর মাধ্যমে খ্যাতি পান ডিন, তবে তার হলিউড ক্যারিয়ার শুরু হয় ১৯৫১ সালে।

একই বছর মুক্তি পায় তার সিনেমা ‘রেবেল উইদাউট এ কজ’। এই সিনেমায় একজন টিনএজ ছেলের ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপর থেকে আজও টিনএজ ছেলেমেয়েদের কাছে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত জেমস ডিন।

গাড়ি রেসিংয়ের প্রতি ব্যাপক আগ্রহ থাকায় প্রায়ই রেসিং প্রতিযোগিতায় অংশ নিতেন ডিন। এমনই এক প্রতিযোগিতা অংশ নিয়ে ১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর দুর্ঘটনায় মারা যান তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।