অ্যানিস্টন-থেরক্সের বিচ্ছেদ?
হলিউড জুড়ে এখন জোর গুঞ্জন, বিচ্ছেদের পথে এগোচ্ছেন তারকা জুটি জেনিফার অ্যানিস্টন এবং জাস্টিন থেরক্স।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, কাজের চাপে নিজেদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে অ্যানিস্টন-থেরক্সের। পরপর তিনবার বিয়ের তারিখ পেছানোর পর সম্পর্ক বাঁচানোর জন্য নাকি ‘রিলেশনশিপ কাউন্সেলিং’ নিয়েছেন তারা।
আর এই গুঞ্জনের আগুনে হাওয়া লেগেছে সম্প্রতি; যখন অ্যানিস্টনের জন্মদিনের পার্টিতে দেখা যায়নি থেরক্সকে।
রাডার অনলাইন জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি লস এঞ্জেলেসে নিজের ৪৫তম জন্মদিনের অনুষ্ঠান করেছিলেন অ্যানিস্টন। ঘনিষ্ঠ বন্ধুরা সবাই উপস্থিত থাকলেও, ছিলেন না তার বাগদত্ত থেরক্স।
বরং ওই সময়টিতে নিউ ইয়র্কে প্রয়াত অভিনেতা ফিলিপ সেমুর হফম্যানের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন থেরক্স।
এক সূত্র জানিয়েছে, অ্যানিস্টনকে নিউ ইয়র্কে আসতে বলেছিলেন থেরক্স। কিন্তু প্রচণ্ড শীতে নিউ ইয়র্কে সময় কাটানোর বদলে ক্যালিফোর্নিয়ার রোদেলা পরিবেশে বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপন করাটাকেই শ্রেয়তর ভেবেছেন অ্যানিস্টন।
সূত্রটি জানায়, হফম্যানের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিলেন থেরক্স। কিন্তু হফম্যানের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে তার পাশে থাকার বদলে লস অ্যাঞ্জেলেসে নিজের জন্মদিন উদযাপন করেছেন তার প্রেমিকা। এ ঘটনা অবশ্যই স্বাভাবিক নয়।
এদিকে ২০১৩ সালের বড়দিনের পর থেকেই জনসমক্ষে আর একসঙ্গে দেখা যায়নি দুজনকে।
অ্যানিস্টনের প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, নতুন একটি ইন্ডিপেনডেন্ট সিনেমা নিয়ে আলোচনা করছেন তিনি। কিন্তু মজার ব্যাপার হল, সিনেমাটির চুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে এখন কাজ করছেন অ্যানিস্টনের এজেন্ট। এ কারণে লস এঞ্জেলেসে থাকা তার জন্য জরুরি কিছু ছিল না। ইচ্ছে করলেই প্রেমিকের সঙ্গে নিউ ইয়র্কে যেতে পারতেন অ্যানিস্টন।
টিভি সিরিজ ‘দ্য লেফটভারস’-এর জন্য এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন থেরক্স। আর কাজের খাতিরে অ্যানিস্টনকে থাকতে হচ্ছে লস এঞ্জেলেসেই। আর এসব কারণেই এখন আর একসঙ্গে থাকা হয়ে উঠছে না ওই জুটির পক্ষে।
২০১৩ সালে থেরক্স জানিয়েছিলেন, চলতি বছরেই সারবেন বিয়ের পর্ব। কিন্তু অ্যানিস্টনের সঙ্গে তার দূরত্ব বেড়ে যাওয়ার কারণে এখন তাদের বিয়ে আদৌ হবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই।
২০১১ সালে ‘ওয়ান্ডারলাস্ট’ সিনেমার কাজ করতে গিয়ে পরিচয় হয় অ্যানিস্টন-থেরক্স জুটির। একই বছর প্রেম করা শুরু করেন তারা।
২০১২ সালের অগাস্ট মাসে আংটি বদল করেন এই জুটি।
