হাসপাতালে টাবু
সম্প্রতি শুটিং-এর সেটে শ্বাসকষ্ট হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডি অভিনেত্রী টাবু। তবে সেখানে তিন ঘণ্টা চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিনি।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, এই মুহূর্তে নতুন সিনেমা ‘হায়দার’-এর শুটিংয়ের জন্য টাবু রয়েছেন কাশ্মিরে।
২২ ফেব্রুয়ারি প্রচণ্ড শীতের কারণে শুটিংয়ের ফাঁকে আগুনের পাশে বসেছিলেন তিনি। ওই সময় কাঠপোড়া ধোঁয়ার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় টাবুর। পরিস্থিতি আরও খারাপ হওয়ার পর তাকে ১৩ কিলোমিটার দূরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিন ঘণ্টা হাসপাতালে থাকার পর সন্ধ্যা নাগাদ ফিরে আসেন টাবু।
হাসপাতালের (শের-এ-কাশ্মির ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস) এক কর্মী জানিয়েছেন, তিন ঘণ্টা হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে কাজে ফিরেছেন টাবু।
হাসপাতাল থেকে ফেরার পর সেদিনই শুটিং শেষ করেন টাবু।
নিজের অভিনয় দক্ষতার জন্য বরাবরই সমালোচকদের কাছে জনপ্রিয় অভিনেত্রী টাবু। তবে দর্শকদের মধ্যেও তার জনপ্রিয়তা নেহায়েত কম নয়।
দীর্ঘ ক্যারিয়ারে দুবার জাতীয় পুরস্কার জিতেছেন। আর ফিল্মফেয়ারে সমালোচক পুরস্কার পেয়েছেন চারবার, এখনও এই রেকর্ড ভাঙতে পারেনি কোনো অভিনেত্রী।
হিন্দি সিনেমার পাশাপাশি তামিল, তেলেগু, মারাঠি এবং বাংলা এমনকি হলিউডি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা সালমান খানের সিনেমা ‘জয় হো’, যেখানে সালমানের বোনের ভ‚মিকায় অভিনয় করেছেন টাবু।
নির্মাতা ভিশাল ভারদ্বাজের নতুন সিনেমা ‘হায়দার’এ টাবুর সঙ্গে আরও দেখা যাবে শাহীদ কাপুর, শ্রদ্ধা কাপুর এবং ইরফান খানকে।
সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে শেক্সপিয়ারের ট্র্যাজেডি ‘হ্যামলেট’ অবলম্বনে।
