একসঙ্গে প্রিয়াঙ্কা-আনুশকা
‘দিল ধাড়াকনে দো’ নামের নতুন সিনেমায় এবার একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের দুই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং আনুশকা শর্মাকে। জয়া আখতার পরিচালিত এই সিনেমায় প্রধান দুই চরিত্রে থাকবেন ফারহান আখতার এবং রনভির সিং। এতে আরও অভিনয় করবেন অনিল কাপুর।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সিনেমাটির কাহিনি গড়ে উঠবে এক পাঞ্জাবি পরিবারকে ঘিরে।
রনভির সিংয়ের সঙ্গে এর আগে জুটি বেঁধেছেন প্রিয়াঙ্কা এবং আনুশকা দুজনেই। তবে ফারহানের সঙ্গে এটাই হবে তাদের প্রথম সিনেমা। অবশ্য এখানে কে কার সঙ্গে জুটি বাঁধবেন, তা এখনও জানা যায়নি।
‘দিল ধাড়াকনে দো’র শুটিং শুরু হবে চলতি বছরের মে মাস থেকে। শুটিং চলবে ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। এর মধ্যে রয়েছে তুরস্ক, স্পেন, ইতালি, ফ্রান্স এবং তিউনিসিয়া।
একাধিক প্রথম সারির তারকা নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমায় মাধুরী দীক্ষিত অথবা টাবুকেও নিতে চাচ্ছেন জয়া। অনিল কাপুরের বিপরীতে অভিনয়ের জন্য বর্তমানে এই দুজন অভিনেত্রীর সঙ্গে আলোচনা করছেন তিনি। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
কবি এবং চিত্রনাট্যকার জাভেদ আখতারের মেয়ে এবং অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের বোন জয়া আখতারের পরিচালিত প্রথম সিনেমা ‘লাক বাই চান্স’ মুক্তি পায় ২০০৯ সালে। হৃত্বিক রোশান অভিনীত ‘লাক বাই চান্স’ সমালোচকদের প্রশংসা পেলেও ব্যবসাসফল হতে পারেনি।
২০১১ সালে জয়া নির্মাণ করেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। এই সিনেমা ব্যাপক ব্যবসাসফল হয় এবং সেইসঙ্গে জয়া জিতে নেন সেরা নির্মাতা হিসেবে ক্যারিয়ারের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার।
২০১৩ সালে মুক্তি পায় ‘বোম্বে টকিজ’, এই সিনেমার একটি অংশ পরিচালনা করেছিলেন জয়া।
পাঁচ বছরের ক্যারিয়ারে জয়া নির্মাণ করেছেন মাত্র তিনটি সিনেমা।
নির্মাতা বন্ধু রিমা কাগতির সঙ্গে মিলে নতুন সিনেমা ‘দিল ধাড়াকনে দো’র চিত্রনাট্যও লিখেছেন জয়া।
‘দিল ধাড়াকনে দো’ মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ২০১৫ সালের ৫ জুন।
