‘ম্যাকবেথ’-এর ত্রয়োদশ মঞ্চায়ন
পদাতিক নাট্য সংসদের (টিএসসি) নাটক ‘ম্যাকবেথ’-এর ত্রয়োদশ মঞ্চায়ন হবে ১০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
দলের প্রচার ও গণ-যোগাযোগ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন শিমুল গ্লিটজকে জানান, উইলিয়াম শেক্সপিয়রের মূল রচনা থেকে এর বাংলা অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক। নাটকটি নিদের্শনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এটি দলের ৩৬তম প্রযোজনা।
এতে দেখা যাবে, স্কটিশ সেনাপতি ম্যাকবেথ যুদ্ধ জয় করে ফিরে আসার পথে তিন ডাইনি তাদের পথ রোধ করে ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছিল, ম্যাকবেথ হবে কডোর প্রধান এবং রাজা। ব্যাংকো হবে রাজার আদি পিতা। ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথের মনে উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয়। তার প্ররোচনায় ম্যাকবেথ বিশ্বাসঘাতকতা করে রাজা ডানকানকে হত্যার মাধ্যমে সিংহাসনে বসেন। রহস্যময় শক্তিদের ভ্রান্তিতে ম্যাকবেথ ভুলে যান যে ক্ষমতা চিরস্থায়ী নয়। লেডি ম্যাকবেথ অনুতাপে দগ্ধ ও অসুস্থ হয়ে আত্মহননের পথ বেছে নেন। ইংল্যান্ডের রাজার সহায়তায় নিজ রাজ্য পুনরুদ্ধারে ডানকান পুত্রদ্বয় ম্যালকম ও ডোনালবেইন ম্যাকবেথ বাহিনীকে পরাজিত করে এবং ম্যাকডাফের অস্ত্রের আঘাতে সমাপ্তি ঘটে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা স্বেচ্ছাচারী ম্যাকবেথের।
এ নাটকে ‘ম্যাকবেথ’ চরিত্রে শাখাওয়াত হোসেন শিমুল, ‘লেডি ম্যাকবেথ’ চরিত্রে শামছি আরা সায়েকা অভিনয় করেছেন। এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন হামিদুর রহমান পাপ্পু, সাগর, ইকরাম, শুভ, জনি, রাসেল, ওয়ালিদ, জুয়েল, জয়, তন্ময়, নাজিম ও মশিউর রহমান ।
২০১৩ সালের ১১ নভেম্বর ভারতের কলকাতার অনিক থিয়েটারের আমন্ত্রণে গঙ্গা যমুনা নাট্য উৎসবে দেশের বাইরে ‘ম্যাকবেথ’ প্রথম মঞ্চস্থ হয়। উইলিয়াম শেক্সপিয়রের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল ও পদাতিক নাট্য সংসদের যৌথ আয়োজনে ব্রিটিশ কাউন্সিল মঞ্চে ‘ম্যাকবেথ’-এর বিশেষ মঞ্চায়ন হয়।
এখন ‘ম্যাকবেথ’ ছাড়াও পদাতিকের পথনাটক ‘স্বাধীনতার সংগ্রাম’ নিয়মিত প্রদর্শিত হচ্ছে। মমতাজউদদীন আহমদ রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু।
পদাতিক নাট্য সংসদের ৩৭টি প্রযোজনার মধ্যে ১৭টি মঞ্চ ও ১৮টি পথনাটক। আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মোৎসব উপলক্ষে ২০১০ সাল থেকে “সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা” প্রবর্তন করেছে তারা। নাট্যচর্চা ও অভিনয়ে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
