২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর ‘প্রতিভা সন্ধান’

শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর ‘প্রতিভা সন্ধান’ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র কক্ষে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী জিএম সাইফুল ইসলাম, শিশির কুমার বিশ্বাস, অসিত কুমার ঘোষ ও করিম হাসান খান।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 05:34 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

কণ্ঠশিল্পীদের সঙ্গে তবলায় সহযোগিতা করবেন অরুণ চন্দ্র দাস, শহিদুল ইসলাম শহিদ ও প্রশান্ত কুমার দাস।

বাংলাদেশে উচ্চাঙ্গসংগীত প্রসারের লক্ষে প্রতিষ্ঠিত শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর নিয়মিত মাসিক অনুষ্ঠানের ৪০২ তম পর্বে ‘প্রতিভা সন্ধান’-এর এই অনুষ্ঠান হচ্ছে।

সংগঠনের অর্থ সম্পাদক উষা রহমান গ্লিটজকে বলেন, “বয়সভিত্তিক কার্যক্রম ‘প্রতিভা স্ফুরণ’, ‘প্রতিভা বিকাশ’ ও ‘প্রতিভা সন্ধান’ শুরু করি আমরা সংগঠন প্রতিষ্ঠার সময়ে। যাদের বয়স ২৫ বছরের উপরে এবং উচ্চাঙ্গসংগীতে পারদর্শী তাদের পরিচিত করানোর জন্য আয়োজন করা হয় একদিনের অনুষ্ঠান প্রতিভা সন্ধান।”

শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। সংগঠনের কার্যক্রম হিসেবে প্রতিমাসে সংগীত পরিবেশনার আয়োজন করা হয়।

তিনি জানান আঞ্চলিকভাবে নির্ধারিত সিনিয়র শিল্পীদের কাছে চিঠি দিয়ে নবীন শিল্পীদের সন্ধান করে তাদের ঢাকায় অনুষ্ঠানে গাইবার সুযোগ করে দেওয়া হচ্ছে। এভাবে ১৬ বছরের কম বয়সীদের জন্য অনুষ্ঠান ‘প্রতিভা স্ফুরণ’ এবং ১৬ থেকে ২৫ বছর বয়সীদের জন্য ‘প্রতিভা বিকাশ’ শীর্ষক তিনদিনের সম্মেলন আয়োজন করা হয়। প্রতি বছর শীতকালে বাৎসরিক সম্মেলন আয়োজন করে সংগঠনটি।

এতকিছুর পরও বাংলাদেশে উচ্চাঙ্গ সংগীত নিয়ে প্রচার বা প্রচারণা কম বলে অভিযোগ করেন উষা রহমান।