২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল’

সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে ২৮ ফেব্রæয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল-২০১৪’। এ উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল ও ভুটানের সংগীতশিল্পীরা অংশ নেবেন। 

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 04:50 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

শুক্রবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত শ্রী হরিকুমার শ্রেষ্ঠ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের জেনারেল সেক্রেটারি আবুল আজাদ বলেন, “২০১৩ সালের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশীয় গণসংগীতশিল্পী সম্মেলনে অংশগ্রহণকারীদের আগ্রহ ও পরামর্শে সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউট গঠিত হয়। এ ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এবারের উৎসবে আমরা শুধু গণসংগীতশিল্পী নয়, সব ধরনের গানের শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছি। এবারের থিম কান্ট্রি নেপাল।”

তিনি জানান, প্রথমে তারা ভারতকে থিম কান্ট্রি করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ভারত সরকারের সাড়া না পেয়ে তারা নেপালকে প্রথম উৎসবে আমন্ত্রণ জানান।

এবারের উৎসবে গণসংগীতে বিশেষ অবদানের জন্য ফকির আলমগীরকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। থিম কান্ট্রি নেপালকেও বিশেষ সম্মাননা জানানো হবে।

ইতোমধ্যে সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের চেয়ারম্যান শরীফ আশরাফুজ্জামানকে আহ্বায়ক, সাধারণ সম্পাদক ড. আবুল আজাদকে সদস্য সচিব, ঋষিজ শিল্পীগোষ্ঠীর সহসভাপতি ফকির সিরাজকে সচিব ( শিল্পী সমন্বয়, বাংলাদেশ), মানজারুল ইসলাম সুইটকে সচিব ( শিল্পী সমন্বয়, আন্তর্জাতিক), মোস্তারী পারভীন টিনাকে অনুষ্ঠান সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট একটি উৎসব কমিটি গঠন করা হয়েছে বলে জানান আবুল আজাদ।

সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ও উৎসব কমিটির আহ্বায়ক শরীফ আশরাফুজ্জামান বলেন, “এবারের উৎসবের মাধ্যমে আমরা ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম শুরু করব। পুরো বছরকে ছয়টি ভাগে ভাগ করে আমরা ছয়টি দেশের গান নিয়ে কাজ করব। দক্ষিণ এশিয়ার সংস্কৃতির চর্চা ও বিকাশে এ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি জানান, ইনস্টিটিউটি এখন ঢাকার কল্যাণপুরের একটি অস্থায়ী নিবাসে কার্যক্রম চালাচ্ছে। খুব শীঘ্রই ধানমণ্ডিতে একটি স্থায়ী নিবাসে চলে যাবে ইনস্টিটিউট। সেখানে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের।

এবারের উৎসবে ‘দক্ষিণ এশীয় সংগীত : বাংলা সংগীতের বৈশিষ্ট্য’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করবেন ড. আনু মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সভাপতি  এম. এ. বারী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উৎসবে জাতীয় সংগীতের পাশাপাশি উদ্বোধনী সংগীত পরিবেশন করবেন গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীবৃন্দ। নৃত্য পরিবেশন করবেন চট্টগ্রামের স্বপ্নিল শিল্পীগোষ্ঠীর সদস্যরা। দলীয় সংগীত পরিবেশন করবে ঋষিজ, উদীচী, ক্রান্তি, বহ্নিশিখা, স্বভূমি, আনন্দন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও উত্তরায়ন।

উৎসবে একক সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের ফকির আলমগীর, সুবীর নন্দী, বুলবুল মহলানবীশ, লিলি ইসলাম, গারো শিল্পী হাসিনা স্নাল, মারমা শিল্পী চতথি মারমা, ভারতের গণসংগীতশিল্পী শুভেন্দু মাইতি, তাপসী রায় চৌধুরী (কলকাতা), সুচরিতা ভৌমিক (ত্রিপুরা),  নেপালের মনোজ বাহাদুর ও ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিল্পীবৃন্দ।