২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি সিরিজে লোপেজ

রিয়েলিটি শোর পর এবার টিভি ড্রামাতে দেখা যাবে গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজকে। ‘শেডস অফ ব্লু’ নামের নতুন এক টিভি ড্রামাতে অভিনয় করবেন লোপেজ। ওই ড্রামা সিরিজটি প্রযোজনা করছে এনবিসি চ্যানেল।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ভ্যারাইটি ডটকম জানিয়েছে, ১৩ পর্বের ওই ধারাবাহিকের নির্বাহী প্রযোজক হিসেবেও থাকবেন লোপেজ।

সম্প্রতি এনবিসির বিনোদন প্রধান জেনিফার স্যালকে এক বিবৃতিতে বলেন, “প্রযোজনা, অভিনয় কিংবা গান যাই হোক না কেন, সব ক্ষেত্রেই জেনিফার লোপেজ তার সৃজনশীলতার ছাপ রেখেছেন। এরকম একটি আধুনিক অনুষ্ঠানে আমরা লোপেজ এবং অ্যাডি হাসাকের সঙ্গে কাজ করতে পেরে খুবই আনন্দিত।”

তিনি আরও বলেন, “বিশেষ করে আমরা আরও খুশি এই কারণে যে, অনেকদিন পর অভিনয়ে ফিরবেন লোপেজ।”

সিরিজটিতে একজন ছদ্মবেশী গোয়েন্দা হারলি ম্যাক-কর্ডের ভূমিকায় থাকবেন লোপেজ, আর তাকে ঘিরেই আবর্তিত হবে সিরিজের কাহিনি। সহকর্মীদের সঙ্গে রেষারেষি এবং নিজের একমাত্র মেয়েকে লালন পালন করার মধ্য দিয়ে তাকে  প্রতিনিয়ত মুখোমুখি হতে হয় নতুন চ্যালেঞ্জের।

‘ফ্রম প্যারিস উইথ লাভ’ খ্যাত চিত্রনাট্যকার অ্যাডি হাসাক লিখবেন এই সিরিজের চিত্রনাট্য। এর পাশাপাশি প্রযোজকের ভূমিকায়ও থাকবেন তিনি।

এনবিসির নিজস্ব প্রোডাকশন ‘দ্য পিকক’-এর প্রযোজনায় সিরিজটির শুটিং শুরু হবে ২০১৫ সালের শুরুতে। একই বছরের সেপ্টেম্বর থেকে সম্প্রচার করা হবে ‘শেডস অফ ব্লু’।

এক দশকেরও বেশি সময় ধরে নিজের বেস্টসেলিং অ্যালবামগুলোর কারণে পপতারকা হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও লোপেজ তার ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনয়ের মাধ্যমেই।

১৯৮৬ সালের সিনেমা ‘মাই লিটল গার্ল’-এ একটি সংক্ষিপ্ত চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি।

১৯৯৭ সালে অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো বাণিজ্যিক সাফল্য পান তিনি ‘সেলেনা’ সিনেমার মধ্য দিয়ে। পরের বছরেই ‘আউট অফ সাইট’ সিনেমার মধ্য দিয়ে প্রথম স্প্যানিশভাষী অভিনেত্রী হিসেবে লোপেজ স্থাপন করেন ১০ লাখ ডলারের বেশি পারিশ্রমিক পাওয়ার দৃষ্টান্ত।

১৯৯৯ সালে প্রথম অ্যালবাম ‘অন দ্য সিক্স’ প্রকাশের পর থেকে সংগীতজগতে ব্যস্ত হয়ে পড়লেও অভিনয়জগৎ থেকে একেবারে দূরে সরে যাননি লোপেজ।

২০০০ সাল থেকে পরবর্তী এক দশকে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হল, ‘দ্য ওয়েডিং প্ল্যানার’ (২০০১), ‘এনাফ’ (২০০২), ‘মেইড ইন ম্যানহাটান’ (২০০২), ‘শ্যাল উই ড্যান্স’ (২০০৪) এবং ‘এল কানতান্তে’ (২০০৭)।

চলচ্চিত্রে অভিনয় এবং সংগীত ছাড়াও লোপেজকে সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে ‘আমেরিকান আইডল’ এবং ‘এক্স ফ্যাক্টর’-এর মতো রিয়েলিটি শোগুলোর বিচারক হিসেবে। একইসঙ্গে নিজের প্রযোজনা সংস্থার কাজও চালিয়ে যাচ্ছেন তিনি; বিশ্বব্যাপী দর্শকমাতানো ডান্স ট্যুরগুলো তো আছেই।