২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমেডি সিনেমায় আগ্রহী মাধুরী

চিত্রনাট্য পছন্দ হলে কমেডি সিনেমায় অভিনয় করতে আপত্তি নেই বলে জানিয়েছেন বলিউডি অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 04:32 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

নতুন সিনেমা ‘গুলাব গ্যাং’-এর প্রচারণা করতে গিয়ে সম্প্রতি মাধুরী বলেন, “সিনেমাজগতে আমার জন্মই হয়েছে বাণিজ্যিকধারার ছবির মাধ্যমে। আমি ‘রাজা’র মতো কমেডি সিনেমায় অভিনয় করেছি। এরকম কোনো কমেডি সিনেমার প্রস্তাব যদি পাই, আর এর চিত্রনাট্য যদি পছন্দ হয়, তবে অভিনয় করতে আমি অবশ্যই রাজি। সম্পূর্ণ মজার কোনো সিনেমায় কাজ করতে চাই আমি।”

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে মাধুরী অভিনীত ব্ল্যাক কমেডি সিনেমা ‘দেড় ইশকিয়া’। ছয়বছর বিরতির পর নাসিরউদ্দীন শাহর বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে ফিরে আসেন তিনি। সিনেমাটিতে লখনৌয়ের নিঃসঙ্গ এক বিধবা বেগম পারার চরিত্রে তার অভিনয় ইতোমধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছে।

দীর্ঘ  ৩০ বছরের ক্যারিয়ারে অধিকাংশ সময় রোমান্টিক এবং অ্যাকশন ড্রামা সিনেমায় অভিনয় করলেও মাধুরীর ঝুলিতে কমেডির সংখ্যাও নেহাত কম নয়। তার অভিনীত উল্লেখযোগ্য কমেডি সিনেমা হল, ‘জামাই রাজা’ (১৯৯০), ‘খেল’ (১৯৯২), ‘হাম আপকে হ্যায় কৌন’ (১৯৯৪) এবং ‘রাজা’ (১৯৯৫)। সবকটি সিনেমাই সেই সময়ে বক্স অফিসে দেখেছে সাফল্যের মুখ।

এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় আছে মাধুরীর সিনেমা ‘গুলাব গ্যাং’। যেখানে তিনি অন্যায়ের বিরূদ্ধে সংগ্রামরত একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে নারী জাগরণমূলক বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মাধুরী। ‘লজ্জা’ এবং ‘মৃত্যুদণ্ড’র মতো সিনেমায় তার অভিনয় হয়েছে প্রশংসিত। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে ‘গুলাব গ্যাং’-এর নাম।

এ বিষয়ে মাধুরী বলেন, “আমার মনে হয় প্রতিটি নারীর নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া উচিত। তাদের স্বাধীন হওয়া প্রয়োজন, নিজেদের অধিকার আদায়ের জন্য তাদের উঠে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “আমি নারীজাগরণে অবশ্যই বিশ্বাস করি। তবে স্লোগান-মিছিল করা আমি তেমন সমর্থন করি না। আমার মনে হয় প্রত্যেক নারীর উচিত নিজের মন থেকে সচেতন হওয়া এবং একে অপরের পাশে থাকা।”

সৌমিক সেনের পরিচালনা এবং অনুভব সিনহার প্রযোজনায় নির্মিত ‘গুলাব গ্যাং’ মুক্তি পাবে ৭ মার্চ।

এখানে আরও অভিনয় করেছেন হুমা কুরেশি এবং জুহি চাওলা।