ডিক্যাপ্রিওর অস্কার ভীতি
বিশ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে অস্কারের জন্য মনোনীত হয়েছেন পাঁচবার; হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর কাছে তাই অস্কার মনোনয়ন ডালভাতই হয়ে যাওয়ার কথা।
অথচ প্রথম যখন মনোনীত হয়েছিলেন ১৯৯৩ সালের সিনেমা ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপস’-এর জন্য, তখন নাকি আনন্দিত হওয়ার বদলে ভয়ে আত্মারামই খাঁচাছাড়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার।
১৯৯৩ সালে যখন পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম অস্কারের মনোনয়ন, তখন তার বয়স ছিল মাত্র উনিশ বছর। ‘ওয়াটস ইটিং গিলবার্ট গ্রেপস’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পান ডিক্যাপ্রিও। কিন্তু জিতে গেলে শত শত মানুষের সামনে কীভাবে ট্রফিটি হাতে নেবেন, সেটাই ছিল তার ভয়ের মূল কারণ!
সম্প্রতি ডেডলাইন পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে ডিক্যাপ্রিও স্মৃতিচারণ করে বলেন,“তখন সবকিছু এত জলদি হয়ে গিয়েছিল যে আমি প্রথমে কিছু বুঝেই উঠতে পারিনি। হঠাৎ করেই জানলাম আমি অস্কারের জন্য মনোনীত হয়েছি, খুবই অবাক হয়েছিলাম।”
তিনি আরও বলেন, “ওই মুহূর্তে আমার অভিব্যক্তি ছিল একটাই। আর তা হল ভয়ের। আমি ভেবে পাচ্ছিলাম না কীভাবে কোটি কোটি দর্শকের সামনে দাঁড়িয়ে পুরস্কার হাতে নেব!”
ডিক্যাপ্রিও আরও বলেন, “আমাকে কেউ একজন বলেছিল যে অস্কার অনুষ্ঠানে কোটি কোটি দর্শক উপস্থিত থাকেন। আমি ভাবছিলাম, এটা তো কোন সিনেমার সেট নয়, যেখানে আমি কোনো ভুল করলে দ্বিতীয় কিংবা তৃতীয় টেক থাকবে, আমি নিজেকে শুধরে নিতে পারব। এখানে আমি যা বলব সবাই আমার কথা একবারই শুনবে। প্রাথমিকভাবে আমি খুবই ভয় পেয়েছিলাম।”
এবারের অস্কারেও ‘সেরা অভিনেতা’ অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন ডিক্যাপ্রিও। ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এ দুর্দান্ত অভিনয় করে আরও একবার অস্কার পাবার আশায় এবার বুক বেঁধে আছেন ডিক্যাপ্রিও। সিনেমাটিতে উগ্র জীবন যাপনে অভ্যস্ত এক মাদকাসক্ত স্টক ব্রোকারের ভূমিকায় অভিনয় করে এর মধ্যেই ক্যারিয়ারের দ্বিতীয় গোল্ডেন গ্লোব ট্রফি জিতে নিয়েছেন ৩৯ বছর বয়সী ওই অভিনেতা।
এই সিনেমাটির জন্য যেমন সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ডিক্যাপ্রিও, তেমনি আরও মোট চারটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছে ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’। এর মধ্যে রয়েছে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা পার্শ্ব অভিনেতা এবং উপন্যাস থেকে নেওয়া সেরা সেরা চিত্রনাট্যের জন্য অস্কার মনোনয়ন।
এলেন ডিজেনেরেসের উপস্থাপনায় এবার অস্কারের আসর বসবে ২ মার্চ।
