২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা দিবসের নাটক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে বিশেষ নাটক।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 08:18 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

‘বাংলা আপা’

কাওনাইন সৌরভের রচনা ও পরিচালনায় ‘বাংলা আপা’ নাটকে ভাষাপ্রেমী চরিত্রে অভিনয় করেছেন  সুমাইয়া শিমু। এতে তার অভিনীত চরিত্রের নাম মানবী।

নাটকের গল্প এগিয়ে গেছে ছোটবেলাতে মাকে হারানো মানবীকে নিয়ে। ভাষাসৈনিক দাদা ও বাবার স্নেহে বেড়ে ওঠে সে। বাংলা ভাষার বিকৃতিতে সে প্রতিবাদী হয়ে উঠে। একদিন মানবী স্কলারশিপ পেয়ে বিদেশে পড়তে যায়। সেখানে সে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেয় মানবী। সেখানকার বাংলা কমিউনিটিতে মানবী ‘বাংলা আপা’ নামে পরিচিত হয়ে উঠে। মানবী দেশে ফেরার পর তার সাক্ষাৎকার নিতে আসে সাংবাদিক দীপ্ত। এ সাক্ষাৎকারে বেরিয়ে আসে অনেক অজানা সত্য।

নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রহমত আলী, খান আলম, চাঁদ প্রবাসী প্রমুখ। নাটকটি শুক্রবার  বাংলাভিশনে ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।

‘আমার একুশ’

বর্ষীয়ান অভিনেতা হাসান ইমাম অভিনয় করেছেন বিশেষ নাটক ‘আমার একুশ’-এ। এ নাটকে

তার অভিনীত চরিত্রের নাম বরকত সাহেব।

পরিবারে ভিনদেশি সংস্কৃতির মাত্রাতিরিক্ত চর্চায় রীতিমতো বিরক্ত বরকত সাহেব। তিনি দেখেন, তার ছেলেমেয়েদের ধারা ধরে নাতি-নাতনিরাও পাশ্চাত্য সংস্কৃতির ভক্ত হয়ে ওঠে। তার বিরক্তি এবার আতঙ্কে রূপ নেয়। তিনি বাংলা সংস্কৃতি চর্চা শুরুর জন্য নানা পদক্ষেপ নেন। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তখন বাসার কাজের বুয়ার ছেলে রাসেল অন্যরকম একটি ঘটনা ঘটায়। বদলে যায় পরিবারের গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, সায়রা, সাদাফ, প্রত্যয়, প্রকৃতি, শাহানা প্রমুখ।

অনামিকা মণ্ডলের রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় ‘আমার একুশ’ প্রচারিত হবে শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

‘ভাষা আন্দোলনের প্রথম সংগ্রামী’

সত্যেন সেনের গল্প অবলম্বনে ‘ভাষা আন্দোলনের প্রথম সংগ্রামী’-তে উর্দুভাষী এক পরিবারের গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

বর্ধমানের এক পরিবারের গল্প নিয়ে নির্মিত এ নাটকে দেখা যাবে, তিশার শ্বশুরবাড়িতে সবাই উর্দুতে কথা বলে। কিন্তু তিশার এক দাবি, তিনি বাংলা বৈ উর্দুতে কথা বলবেন না। পরিবারের উপর মহল থেকে চাপ আসে, বউয়ের জন্য উর্দু শিক্ষক রাখা হোক। সে অনুযায়ী কাজ করা হলেও বর্ধমানের নতুন বউ তার সিদ্ধান্তে অটল। এই পরিবারে তাকে নানা গঞ্জনা ও অপমান সহ্য করতে হয়। পরিবারের সকলের দিক থেকে অত্যাচার শুরু হয় নতুন বউয়ের প্রতি। সেই জায়গায় থেকে লড়াই চালিয়ে যায় নতুন বউ।

নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন  সুমন আনোয়ার। এটি প্রচারিত হবে শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে।

‘মানুষের ছায়া অবলম্বনে’

মাহমুদ দিদারের পরাবাস্তব নাটক ‘মানুষের ছায়া অবলম্বনে’-এ অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, আরফান নিশো ও তানিয়া হোসাইন। এতে স্মরণ নামের এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন নিশো। ভাষার দাবিতে উত্তাল জনসমুদ্রে স্মরণ মিশে যেতে চায়। তখন তার মধ্যে জেগে উঠে এক বয়োবৃদ্ধ ও তরুণী সত্ত্বা। বয়োবৃদ্ধ লোকটি সঠিক পথ বাতলে দেয়, উৎসাহ জোগায় তরুণী সত্ত্বা। এ  দুই সত্ত্বার অনুপ্রেরণায় মিছিলে যায় স্মরণ।

নাটকটি চ্যানেল  নাইনে রাত  ১০টায় প্রচারিত হবে।

‘মিনার’

তিন সাইক্লিস্ট বন্ধুর শহীদ মিনার বাঁচানোর মিশন নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মিনার’।

‘মিনার’ নাটকে দেখা যাবে, তিন সাইক্লিস্ট বন্ধু সালমান, তৌসিফ ও সায়রা একদিন ভাঙ্গাডিঙ্গা গ্রামে ঘুরতে গিয়ে দেখে স্কুলের শহীদ মিনার চলে গেছে বখাটেদের দখলে। এ নিয়ে তারা জোর প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে এলাকার প্রভাবশালী মহল। তিন বন্ধুও সামাজিক যোগাযোগের সাইটে বিষয়টি প্রকাশ করে। এ ঘটনায় সাড়া পড়ে সারাদেশে। তখন প্রভাবশালী মহল ক্ষিপ্ত হয়ে হামলা চালায় তাদের উপর। তাদের এলাকা ছাড়া করে ছাড়ে। কিন্তু বন্ধুর দল আবার একজোট হয়। শহীদ মিনার ভাঙার দিন গ্রামবাসীকে একত্র করে দাঁড়িয়ে যায় প্রভাবশালীদের বিরুদ্ধে।

মাবরুর রশিদ বান্নাহ্র রচনা ও পরিচালনায় এ নাটকে  অভিনয় করেছেন  মামুনূর রশীদ,মাসুদ আলী খান, এলেন শুভ্র, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির, সায়রা, শোয়েব মুনীর, আর বি প্রিতম, প্রমুখ। এটি প্রচারিত হবে শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে।