কবির হোসেনের পাণ্ডুলিপি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘কবির হোসেনের পাণ্ডুলিপি’-তে কবির হোসেন নামে এক দেশপ্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ।
সৌর্য্যদীপ্ত সূর্যের রচনা এবং হাসান শিকদারের পরিচালনায় টেলিফিল্মে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও ভাবনা।
বায়ান্নর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ টেলিফিল্মে দেখা যাবে, কবির হোসেন তখন খুব ছোট। কবির হোসেনের বাবা একদিন শহরে এসে ভাষা আন্দোলনে যোগ দেন। একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের পর হারিয়ে যান বাবা। বড় হয়ে কবির হোসেন জানতে পারেন, বাবার হারিয়ে যাওয়ার ঘটনা।
স্বাধীনতার পরে তিনি বাবার খোঁজে শহরে চলে আসেন। বাবাকে নিয়ে তিনি একটি বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেন। তবে কেউ তার পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করতে রাজি হয় না। একদিন এক তরুণ প্রকাশকের সঙ্গে তার দেখা হয়। সেই পাণ্ডুলিপি নিয়ে গবেষণার পর তরুণ প্রকাশক দেখেন, এতে একুশে ফেব্রুয়ারির অনেক অজানা কথা রয়েছে। তরুণ প্রকাশক কবির হোসেনের খোঁজ করতে তার গ্রামে চলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, কবীর হোসেন আর বেঁচে নেই।
টেলিফিল্মটি শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।
