বিপাশার স্বীকারোক্তি
অভিনেতা হারমান বাওয়েজার সঙ্গে নিজের প্রেমের কথা স্বীকার করেছেন অভিনেত্রী বিপাশা বসু।
অনেকদিন ধরে চলা নানা গুজব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নিজের প্রেমের কথা স্বীকার করেছেন বিপাশা।
১৯ ফেব্রুয়ারি টুইটারে টুইট করে বিপাশা জানান, হারমানের সঙ্গে প্রেম করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশার সঙ্গে নিজের প্রেমের কথা স্বীকার করেছিলেন হারমান। কিন্তু তখনও মুখে কুলুপ এঁটে বসেছিলেন বিপাশা। অবশেষে তিনি স্বীকার করেছেন এই খবরের সত্যতা।
বিপাশা টুইট করেন, “হ্যাঁ, হারমান আর আমি প্রেম করছি। অবশেষে আমি এমন একজন মানুষকে খুঁজে পেয়েছি, যার মনটা খুবই ভালো।”
তবে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কিছু বলতে আগ্রহী নন বিপাশা।
তিনি আরও লেখেন, “আমি এখন খুবই ভালো অবস্থায় আছি। তাই আমি চাই সবাই আমার প্রতি সম্মান রেখে বিষয়টি নিয়ে আলোচনা না করুক।”
দীর্ঘসময় ধরে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি ছিলেন না বিপাশা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, “আপাতত একজন যোগ্য পুরুষের অপেক্ষায় আছি আমি। যিনি আমাকে বিয়ের প্রস্তাব দেবেন।”
এদিকে এক সাক্ষাৎকারে হারমান বলেন, “আমরা একে অপরকে জানতে এবং বুঝতে শুরু করেছি। আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। বিপাশা খুবই সৎ এবং সাদামাটাভাবে জীবন কাটায়। আমরা দুজনই আমাদের পরিবার এবং বন্ধুদের সবচেয়ে বেশি গুরুত্ব দেই।”
প্রায় আট বছর প্রেমের পর ২০১১ সালে অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় বিপাশার। কিছু সময় পরই ব্যাংকার প্রিয়া রুনচালের সঙ্গে প্রেম করা শুরু করেন জন। এরপর ২০১৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন বিপাশার এই সাবেক প্রেমিক।
অভিনয় ক্যারিয়ারে তেমন সফল হতে না পারলেও ব্যক্তিগত জীবনের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হয়েছেন হারমান। ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘লাভ স্টোরি ২০৫০’-এ সহশিল্পী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলেছে বহুদিন।
তবে নিজের সফল ক্যারিয়ার ধরে রাখতে হারমানকে পেছনে ফেলে এগিয়ে যান প্রিয়াঙ্কা।
সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল, জনের বিয়েতে ব্যথিত বিপাশা জেদ ধরেছেন, চলতি বছরেই বিয়ে করবেন নতুন প্রেমিক হারমানকে। হারমানও এবার সংসার গুছিয়ে নেবেন। তবে এ খবরের সত্যতা কতখানি, তা সময়ই বলে দেবে।
