২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাফটায় সেরা ‘গ্র্যাভিটি’ এবং ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’

ব্রিটিশ ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে ‘সেরা চলচ্চিত্র’-এর খেতাব জিতে নিয়েছে ‘টুয়েলভ ইয়াস আ ¯েøভ’। রোববার রাতে অনুষ্ঠিত ওই আসরে সিনেমাটির জন্য ‘সেরা অভিনেতা’র পুরস্কার জিতে নিয়েছেন চুয়েটেল এজিওফোর। ওদিকে ‘সেরা পরিচালক’ এবং ‘সেরা ব্রিটিশ ফিল্ম’-এর খেতাবসহ মোট ছয়টি পুরস্কার জিতে নিয়েছে সাইফাই থ্রিলার ‘গ্র্যাভিটি’।

সেঁজুতি শোণিমা নদী

জেনিফার ডি প্যারিস ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 05:29 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

বছরের অন্যান্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মতো বাফটাতেও এবার রাজত্ব করেছে কয়েকটি নির্দিষ্ট সিনেমা। যার মধ্যে প্রথমেই আছে ‘গ্র্যাভিটি’ এবং ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’। এই তালিকায় আরও দেখা গেছে ‘ব্লু জেসমিন’, ‘আমেরিকান হাসল’,‘ফ্রোজেন’ এবং ‘দ্য গ্রেট গ্যাটসবি’-র মতো সিনেমার নাম। তবে অপ্রত্যাশিতভাবেই কোনো পুরস্কার পায়নি ড্রামা ধাঁচের সিনেমা ‘ডালাস বায়ারস ক্লাব’।

স্টিভ ম্যাককুইন পরিচালিত ১৯ শতকে একজন স্বাধীন কৃষ্ণাঙ্গের অপহরণ এবং পরবর্তীতে তার ক্রীতদাসে পরিণত হওয়ার গল্প অবলম্বনে তৈরি ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’-এর প্রধান চরিত্র সলোমন নরথাপের ভূমিকায় অভিনয় করে ‘সেরা অভিনেতা’র পুরস্কার অর্জন করেন এজিওফোর। এই বিভাগে তার প্রতিদ্ব›দ্বী ছিলেন টম হ্যাঙ্কস (ক্যাপ্টেন ফিলিপ্স), ক্রিস্টিয়ান বেল (আমেরিকান হাসল), লিওনার্দো ডিক্যাপ্রিও (উলফ অফ ওয়াল স্ট্রিট) এবং ব্রুস ডার্ন (নেব্রাস্কা)-র মতো অভিনেতা।

সেরা সিনেমার পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠে ম্যাককুইন বলেন, বিশ্বের কিছু কিছু অংশে এখনও অনেক মানুষ দাসত্বের শৃক্সখলে বন্দি।

তিনি বলেন, “আমরা যখন এখানে বসে আছি, তখন বিশ্বের অনেক জায়গাতেই এখনও ২ কোটির বেশি মানুষ দাসত্বের শৃক্সখলে বন্দি। আমি শুধু এটাই প্রার্থনা করি, আজ থেকে দেড়শ’ বছর পর আমার মতো আর কাউকে যেন এ রকম কোনো দাসের জীবন নিয়ে সিনেমা তৈরি না করতে হয়।”

চলতি বছরের অস্কারে মনোনয়ন তালিকার শীর্ষে থাকা সাইফাই মুভি ‘গ্র্যাভিটি’-র জন্য ‘সেরা পরিচালক’-এর পুরস্কার অর্জন করেছেন আলফনসো কুয়ারন। সেরা ব্রিটিশ ফিল্ম হিসেবেও পুরস্কার জিতেছে ‘গ্র্যাভিটি’। সেরা সিনেমাটোগ্রাফি, সেরা ভিজ্যুয়াল ইফেক্টসসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি।

কুয়ারন ‘গ্র্যাভিটি’র এমন সাফল্য উৎসর্গ করেছেন সিনেমাটির প্রধান অভিনেত্রী সান্ড্রা বুলকের উদ্দেশ্যে। তিনি বলেন, “বুলক না থাকলে পুরো সিনেমা বৃথা হয়ে যেত। তাকে বিশেষভাবে ধন্যবাদ।”

কুয়ারনের এমন প্রশংসা সত্ত্বেও ‘সেরা অভিনেত্রী’ বিভাগে কেইট ব্লানচেট-এর কাছে হেরে গেছেন বুলক। ‘ব্লু জেসমিন’-এর জন্য ব্লানচেটই জিতে নিয়েছেন সেরার ট্রফি। এই বিভাগে তার অন্য প্রতিদ্ব›দ্বী ছিলেন অ্যামি অ্যাডামস (আমেরিকান হাসল), এমা থম্পসন (সেভিং মিস্টার ব্যাঙ্কস) এবং জুডি ডেঞ্চ (ফিলোমেনা)।

একসময়ের বন্ধু এবং প্রয়াত অভিনেতা ফিলিপ সেমুর হফম্যানকে নিজের পুরস্কারটি উৎসর্গ করেন ব্লানচেট। তিনি বলেন, “তিনি ছিলেন অসাধারণ একজন বন্ধু যার অভাব সবসময়ই অনুভব করব। ফিল, এটি আপনার জন্য। আশা করি, আমি আপনাকে গর্বিত করতে পেরেছি।”

‘ক্যাপ্টেন ফিলিপস’-এ অভিনয়ের সুবাদে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বারখাদ আবদি। পার্শ¦চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেনিফার লরেন্স, ‘আমেরিকান হাসল’-এর জন্য।

বছরের সেরা অ্যানিমেটেড ফিল্ম হয়েছে ‘ফ্রোজেন’। আর ভিন্ন ভাষার সিনেমা বিভাগে সেরার পুরস্কার পেয়েছে ইটালিয়ান মুভি ‘দ্য গ্রেট বিউটি’।

এবারের আসরে ‘ব্রিটিশ অ্যাকাডেমি ফেলোশিপ’ সম্মানে ভূষিত করা হয়েছে অস্কারজয়ী অভিনেত্রী হেলেন মিরেনকে। তাকে এই সম্মাননা প্রদান করেন প্রিন্স উইলিয়াম; ‘দ্য কুইন’ সিনেমায় তার দাদী ব্রিটেনের রানি এলিজাবেথের ভুমিকায় অভিনয় করে অস্কার জিতেছিলেন মিরেন।