২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর গণসংগীত প্রতিযোগিতা ও উৎসব

উদীচীর প্রতিষ্ঠাতা সভাপতি সত্যেন সেনের ১০৬তম জন্মদিবস উপলক্ষে ২৮ মার্চ থেকে দুদিন ‘সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতা ও জাতীয় গণসংগীত উৎসব’ আয়োজন করছে উদীচী ঢাকা মহানগর সংসদ।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 05:22 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

২৮ মার্চ সকাল ৯টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে প্রতিযোগিতা শুরু হবে বলে গ্লিটজকে জানিয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

প্রতিযোগিতা শেষে উৎসব শুরু হবে একই দিন বিকালে, চলবে পরদিন রাত পর্যন্ত। প্রথমে সংগীত পরিবেশন করবেন প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীরা। ঢাকার উল্লেখযোগ্য গানের দল ও শিল্পীরা সংগীত পরিবেশন করবেন এতে। আলোচনা অনুষ্ঠান ও সত্যেন সেনকে নিয়ে একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করার কথাও জানান অমিত রঞ্জন দে।

এবারের উৎসবে সংগীত পরিবেশনের জন্য ভারতের প্রখ্যাত গণসংগীত শিল্পী শুভেন্দু মাঁইতিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উদীচীর প্রতিষ্ঠাতার জন্মদিবস উপলক্ষে গণসংগীত প্রতিযোগিতা ও উৎসব ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত নিয়মিতভাবে আয়োজন করা হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন, মাহমুদ সেলিম, শাহীন সরকার, সুজেয় শ্যাম, মতলুব আলী, বুলবুল মহলানবীশসহ আর অনেকে।

অমিত গ্লিটজকে বলেন, “শুধু বিনোদনের জন্য উদীচী কখনও গান বা নাটকের চর্চা করে না। উদীচী মনে করে, মানুষের অধিকার আদায়ের জন্য সংস্কৃতি চর্চাই মূল হাতিয়ার। বিভিন্ন আন্দোলন, সংগ্রামে সংগঠনটি তাই করেছে এবং করবে। তারই একটি কর্ম পদক্ষেপ গণসংগীত প্রতিযোগিতা এবং উৎসব আয়োজন।”

জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা থেকে বিজয়ীরাই কেবল মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। জেলা ও বিভাগীয় পর্র্যায়ের প্রতিযোগিতা আগেই শুরু হয়েছে বলে আরও জানান তিনি।

অমিত জানান, একক ও দলীয় পর্যায়ে তিনটি বিভাগে সাজানো প্রতিযোগিতায় গণসংগীত গাইতে পারেন এমন যে কেউ অংশগ্রহণ করতে পারবে। একক বিভাগে অংশগ্রহণের ক্ষেত্রে ‘ক’ বিভাগের জন্য বয়সসীমা অনূর্ধ্ব ১৫ বছর এবং ‘খ’ বিভাগের জন্য বয়সসীমা ১৫ বছরের উর্ধ্বে। ‘গ’ অর্থাৎ দলীয় বিভাগে যে কোনো গণসংগীত দল অংশ নিতে পারবে, এক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই।