২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও সেরা দিলওয়ালে দুলহানিয়া

বলিউডের আলোচিত রোমান্টিক সিনেমার তালিকায় শীর্ষ স্থানটি ১৯ বছর ধরে দখল করে রেখেছে আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 04:56 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

জি মিডিয়া ব্যুরোর এক প্রতিবেদনে জানা যায়, প্রায় দুই দশক আগে মুক্তিপ্রাপ্ত, সেই সময়ের জনপ্রিয় জুটি শাহরুখ খান এবং কাজল অভিনীত সিনেমাটি এখনও বলিউডের সেরা রোমান্টিক চলচ্চিত্রের খেতাব ধরে রেখেছে।

সম্প্রতি একটি ভারতীয় টিভি চ্যানেল ভ্যালেন্টাইনস ডে কেন্দ্র করে একটি জরিপ করে। জরিপে নতুন প্রজন্মের দৃষ্টিতে জনপ্রিয় বলিউডি রোমান্টিক সিনেমার নাম বাছাই করা হয়। আর সেই জরিপে তরুণ প্রজন্ম সেরা রোমান্টিক সিনেমা হিসেবে বেছে নিয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’কে।

ওই তালিকায় আরও স্থান করে নিয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ এবং ‘কাভি খুশি কাভি গাম’।

পুরানো এই সিনেমাগুলোর জনপ্রিয়তার কাছে হার মেনেছে নতুন সিনেমাও। নতুন অভিনেতা অভিনেত্রীদের গ্ল্যামার টপকাতে পারেনি শাহরুখ-কাজলের আলোচিত সিনেমাকে। ওই জনপ্রিয় জুটির পর্দা রসায়ন এখনও দখল করে রেখেছে দর্শকহৃদয়।

এর আগে আন্তর্জাতিক এক জরিপেও সেরা রোমান্টিক সিনেমার তালিকায় স্থান পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ নির্মাণে ওই সময় ব্যয় হয়েছিল ৮ কোটি রুপি। ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি বিশ্বব্যপী ১ বিলিয়ন রুপিরও বেশি আয় করে। সিনেমাটিতে শাহরুখ, কাজলের সঙ্গে অভিনয় করেছেন অনুপম খের, অমরেশ পুরি, ফরিদা জালাল। ওই সিনেমার একটি দৃশ্যে প্রথম অভিনয় করেছিলেন কারান জোহর।

২০০১ সালে এক জরিপে বলিউডের অন্য আলোচিত সিনেমা ‘শোলে’কে টপকে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। মুম্বাইয়ের মারাঠা মন্দির থিয়েটারে মুক্তির পর থেকে এখন পর্যন্ত এক নাগারে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

২০১১ সালে টানা ৮০০ সপ্তাহ সিনেমাটি প্রদর্শনের খুশিতে প্রযোজক ইয়াশ চোপড়া একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। থিয়েটারটির মালিক মনোজ দেশাই জানান, সিনেমাটির প্রচার বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তার। তিনি বলেন, এমন অনেক দর্শক আছেন যারা ৫০ বারেরও বেশি সিনেমাটি দেখেছেন। কিন্তু তারা প্রতিবারই সেটি উপভোগ করেন প্রথমবারের মতো।

মনোজ দেশাই ১০০০ সপ্তাহ প্রদর্শন করতে চান সিনেমাটি। এরপরই তিনি সিদ্ধান্ত নেবেন তিনি এর প্রদর্শন বন্ধ করবেন কি না।