২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কার্তুজ’-এ নিপুণ

দ্বিতীয়বারের মতো সিনিয়র অভিনেতা রাজ্জাক প্রযোজিত সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন নিপুণ আক্তার। রাজলক্ষ্মী প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘কার্তুজ’ নামের এ সিনেমাতে প্রধানচরিত্রে অভিনয় করবেন বলে গ্লিটজকে জানিয়েছেন নিপুণ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 05:09 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

সিনেমাটি পরিচালনা করবেন বাপ্পারাজ।

এর আগে নিপুণ রাজলক্ষ্মী প্রডাকশনের ‘এনকাউন্টার’ নামে একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

নিপুণ জানিয়েছেন, আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করবেন সোহান। ১ মার্চ থেকে সিনেমার শুটিং শুরু হবে।

‘কার্তুজ’ ছাড়াও নিপুণের হাতে এখন রয়েছে আরও দুটি সিনেমার কাজ। মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ সিনেমাতে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তার সঙ্গে আরও আছেন অভিনেতা বাপ্পী এবং আদি। এম. এ. আওয়ালের ‘কাদের শত্রু’ নিয়েও এখন ব্যাস্ত তিনি। এই সিনেমায় তার বিপরীতে আছেন আমিন খান।

নিপুণ আরও জানান, সিনেমায় ব্যাস্ত শিডিউলের কারণে টিভি ধারাবাহিকে কাজ করার সময় পাবেন না তিনি। আর তাই এখন থেকে আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিপুণ অভিনীত সর্বশেষ দীর্ঘ ধারাবাহিক ‘রেড সিগন্যাল’। ১০০ পর্বের এ ধারাবাহিকের পর বেশকিছু ধারাবাহিকের অফার এলেও সেসব ফিরিয়ে দিচ্ছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, “সিনেমার ব্যস্ততায় ধারাবাহিকে আর সময় কুলাবে না। শিডিউল মেলাতে গোলা বাঁধবে।”

এদিকে, নিপুণ অভিনীত শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’ এবং ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’ মুক্তির দিন গুনছে। সরকারি অনুদানের  সিনেমা ‘একাত্তরের মা জননী’-তে  তার বিপরীতে অভিনয় করছেন কণ্ঠশিল্পী আগুন। অন্যদিকে ‘মায়ানগর’ সিনেমায় নিপুণ অভিনয় করেছেন বস্তিবাসী এক সরল মেয়ের চরিত্রে।

২০০৬ সালে ‘পিতার আসন’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন নিপুণ। ২০০৬ সালে শাহ আলম কিরণের ‘সাজঘর’ ও ২০০৯ সালে মোহাম্মদ হোসেনের ‘চাঁদের মতো বউ’ সিনেমায় পার্শ্বচরিত্রে সেরা অভিনয়ের জন্য নিপুণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।