২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘একাত্তরের ক্ষুধিরামে’র শুটিং শুরু হচ্ছে

মান্নান হীরা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘একাত্তরের ক্ষুদিরাম’-এর শুটিং শুরু হচ্ছে সোমবার। মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত সরকারি অনুদানের এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবে শিশুশিল্পীস্বচ্ছ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 05:32 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য লিখেছেন মান্নান হীরা।

এ সিনেমা পরিচালনার আগে মান্নান হীরা বেশকটি টিভি ও মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন। এর পাশাপাশি তিনি  ‘গরম ভাতের গল্প’ ও ‘একাত্তরের রংপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন।

‘একাত্তরের ক্ষুধিরাম’ প্রসঙ্গে মান্নান হীরা বলেন, “আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের উপর একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাব। এ সিনেমার মুখ্য চরিত্রগুলোতে বেশ কজন শিশুশিল্পী অভিনয় করবে। এ সিনেমায় আমি স্বাধীনতা যুদ্ধে সব বয়সী মানুষের অংশগ্রহণের একটি চিত্র ফুটিয়ে তুলব। মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের একটি চিত্রও ফুটে উঠবে এতে।”

হীরা জানান, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এ সিনেমার জন্য সরকারি অনুদান একেবারেই অপ্রতুল। তবুও দমে না গিয়ে তিনি সিনেমার কাজ এগিয়ে নেবেন। তার এ সিনেমাটি প্রযোজনা করছে এপিক।

‘একাত্তরের ক্ষুদিরাম’-এর গল্প আবর্তিত হয়েছে মফস্বল শহর সোনামুখীকে ঘিরে। সোনামুখী উচ্চ বিদ্যালয়ে প্রতিবছর ‘শহীদ ক্ষুদিরাম’ নামে একটি নাটক মঞ্চস্থ হয়। স্কুলের সিনিয়র শিক্ষক খোকন ব্যানার্জী নাটকটি পরিচালনা করে থাকেন। এতে আলাল অভিনয় করে নাটকের নায়কের ভূমিকায়। এ নাটক নিয়ে স্কুলের উর্দু শিক্ষকের সঙ্গে তার তর্ক বেঁধে যায়। একদিন আলালের মামা মন্টু গ্রামে এসে তরুণদের মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত করেন।

যুদ্ধ শুরু হয়। উর্দু শিক্ষকের নেতৃত্বে বিহারীরা খোকন ব্যানার্জীকে হত্যা করে। প্রিয় শিক্ষকের মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে ওঠে আলালরা। একদিন ‘শহীদ ক্ষুদিরাম’ নাটক মঞ্চায়নের নামে পাকবাহিনী ও বিহারীদের বিরুদ্ধে অ্যামবুশ নেয় নাটকের কলাকুশলীরা।

এতে স্কুলছাত্র আলালের চরিত্রে অভিনয় করেছে স্বচ্ছ। খোকন ব্যানার্জীর চরিত্রে ফজলুর রহমান বাবু, প্রধান শিক্ষকের চরিত্রে মামুনুর রশীদ ও স্বচ্ছর মায়ের চরিত্রে অভিনয় করছেন মোমেনা চৌধুরী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইনামুল হক,ছবি,ফিরোজ আল মামুন,সাজু। শিশু শিল্পীদের চরিত্রে  অভিনয় করছে  রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি, মুন্না, জুয়েল ও মিজি।

সিনেমার চারটি গানের সংগীতায়োজন করেছেন সুজেয় শ্যাম।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এফডিসির ৩ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মান্নান হীরা।