লরেন্স-হল্টের নতুন বাড়ি
অস্কারজয়ী হলিউডি অভিনেত্রী জেনিফার লরেন্স ও তার প্রেমিক ব্রিটিশ অভিনেতা নিকালাস হল্ট এবার হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ইংল্যান্ডে। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ হ্যাম্পশায়ারের ১৩ লাখ পাউন্ড মূল্যের একটি বাড়ি।
শীঘ্রই একত্রে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন লরেন্স-হল্ট জুটি। আর তাদের পছন্দ হ্যাম্পশায়ারের একটি ছোট্ট গ্রাম হুক। সেখানকার একটি সাত বেডরুমের বাড়ি পছন্দ হয়েছে তাদের। জায়গাটি নিকোলাসের বাবা-মায়ের বাড়ির খুব কাছে; আর তাই সেখানে নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন তারা।
দ্য সানকে এ ব্যাপারে এক সূত্র জানিয়েছে, বাড়িটি দেখার সঙ্গে সঙ্গেই এটির প্রেমে পড়ে গেছেন তারা। লরেন্স, হল্ট দুজনেই জানেন ক্যারিয়ারের এমন সুবর্ণ সময়ে আমেরিকা ছেড়ে ইংল্যান্ডে এসে থাকার সিদ্ধান্ত মোটেই বাস্তবসম্মত নয়। কিন্তু তারা চাইছেন আমেরিকা ছেড়ে এমন কোনো জায়গায় থাকতে, যেখানে তারা মিডিয়ার চোখের আড়ালে থাকতে পারবেন।
সূত্রটি আরও জানায়, লরেন্সের ব্রিটিশ জীবনযাত্রা দারুণ পছন্দ। আর যেহেতু এখন তারা নিজেদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস, তাই ব্রিটেনে একসঙ্গে থাকার পরিকল্পনা করা খুবই স্বাভাবিক।”
২০১২ সালের বড়দিনে বার্কশায়ারে হল্টের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়েই বাড়িটি চোখে পড়ে লরেন্সের। তখন তারা পুরো একটি দিন কাটিয়ে দিয়েছিলেন জায়গাটি সম্পর্কে ঠিকমতো খোঁজ নিতে। পরে চলতি বছরে বাড়িটি কেনার জন্য ১৩ লাখ পাউন্ডের প্রস্তাবও দিয়েছেন তারা।
হল্টের সঙ্গে লরেন্সের প্রথমবার পরিচয় হয় ২০১১ সালের সিনেমা ‘এক্স-মেন ফার্স্ট ক্লাস’-এর সেটে। দুই বছর প্রেমের পর ২০১৩ সালের জানুয়ারিতে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। তবে বছরের শেষে আবার জোড়া লাগে তাদের সম্পর্ক; বিষয়টি মিডিয়ার সামনে আসে এবারের গোল্ডেন গ্লোবের আসরে। ‘আমেরিকান হাসল’-এর জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর খেতাব জেতা লরেন্স ওইদিন সবার সামনেই হল্টকে জড়িয়ে ধরে চুমু খান পুরস্কার গ্রহণের আগে।
