আইজিসিসিতে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’
সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও তার গানের দল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ এবার মাতাতে আসছে ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার (আইজিসিসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইজিসিসি জানায়, ব্যান্ডটি গান পরিবেশন করবে শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাদের গুলশান কেন্দ্রে।
ব্যান্ডে লিড গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে রয়েছেন অর্ণব, ভোকালিস্ট ও ড্রামার হিসেবে রয়েছেন পান্থকানাই জুয়েল, বেইজিস্ট ও ভোকালিস্ট হিসেবে রয়েছেন ফাইজান আর আহমেদ বুনো, ক্লাসিক্যাল ভোকালিস্ট হিসেবে রয়েছেন মোহাম্মদ শোয়েব, বাংলা ঢোল বাজান নজরুল ইসলাম, গিটারিস্ট হিসেবে সাদুল ইসলাম এবং শব্দ প্রকোশলী হিসেবে কাজ করছেন মারুফ কামরুল হাসান।
ব্যান্ডের একমাত্র অ্যালবাম ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ’ প্রকাশিত হয় ২০০৯ সালে।
অর্ণব পড়াশোনা করেছেন বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে। তার পাঁচটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে এ পর্যন্ত। তার সংগীত পরিচালনায় প্রকাশিত হয়েছে আরও বেশ কয়েকটি অ্যালবাম। ‘মনপুরা’, ‘আহা’, ‘জাগো’ এবং ‘দ্বীপ নেভার আগে’ চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। প্রতিভাবান শিল্পীদের জন্য গঠিত ‘প্রেয়ার হল’-এর সঙ্গেও জড়িত তিনি।
