২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসের যত সিনেমা

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে চারটি সিনেমা। এগুলো হল ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’, তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’,  সোহানুর রহমান সোহানের ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ও সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 06:29 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

ব্যয়বহুল সিনেমা ‘অগ্নি’ মুক্তির আগেই বেশ সাড়া ফেলেছে। অ্যাকশন ধাঁচের এ সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও আরেফিন শুভ। তাদের অভিনীত চরিত্র দুটির নাম তানিশা ও ড্রাগন। এ সিনেমাতে আইনাল নামের একটি চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর।

এতে দেখা যাবে, থাইল্যান্ডের ‘কিলার ওয়ান’ নামে পরিচিত তানিশাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন আন্ডারওয়ার্ল্ড ডন আইনাল। এ জন্য তিনি দুর্ধর্ষ ফাইটার ও তিনবারের ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন ড্রাগনকে পাঠান। কিন্তু ড্রাগন ঘটনাক্রমে তানিশার প্রেমে পড়ে যান। তিনি জানতে পারেন, আইনাল তানিশার পরিবারের সবাইকে মেরে ফেলেছেন। তখন ড্রাগন তানিশার সঙ্গে মিলে আইনালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, সিনেমার সর্বমোট বাজেট ৬ কোটি টাকা। ডলবি ডিজিটাল সাউন্ডের পাশাপাশি ২৮০ টি স্পেশাল এফেক্টস দৃশ্য ধারণ করা হয়েছে এ সিনেমাতে।

সিনেমাটি ১০০টি হলে মুক্তি পাবে বলে জানিয়েছে জাজ কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘদিন পর পূর্ণিমা ও রিয়াজ জুটিকে একসঙ্গে দেখতে পাবে দর্শক। তারা অভিনয় করেছেন সোহানুর রহমান সোহানের ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ সিনেমাতে। এ সিনেমার অন্য একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমিন খান।

সিনেমাটি ৩০টি হলে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক সোহানুর রহমান সোহান। এটি তার পরিচালনার ৩২তম সিনেমা।

মুক্তিযুদ্ধের সময় এক ঢুলীর জীবনকাহিনি নিয়ে তানভীর মোকাম্মেল নির্মাণ করেছেন ‘জীবনঢুলী’। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।

শুক্রবার সকাল ১০টায় পাবলিক লাইব্রেরির সুফিয়া কামাল মিলনায়তনে সিনেমাটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে গ্লিটজকে জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা কিনো-আই ফিল্মসের সচিব সানু ।

তিনি জানান, ১৫ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে এই সিনেমাটি।

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কত দূরে’।

সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি শুক্রবার যমুনা ব্লকবাস্টারস ও স্টার সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পাচ্ছে বলে গ্লিটজকে জানিয়েছেন নির্মাতা সামিয়া জামান।

তিনি জানান, এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহানা শাহ্রিন ফারিয়া ও অঙ্কন। তাদের অভিনীত চরিত্রের নাম পরী ও বিচ্ছু। সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ এবং মিশা সওদাগর।