২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখ-জুহির বন্ধুত্ব

দীর্ঘ সময়েও শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়নি বরং এখনও তার যে কোনো প্রয়োজনে তিনি তাকে পাশে পাবেন বলে মন্তব্য করেছেন জুহি চাওলা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, কিছুদিন আগেই গণমাধ্যমগুলোতে জুহি এবং শাহরুখের বন্ধুত্বের ফাটল ধরার কাহিনি আলোড়ন সৃষ্টি করে। তবে ওই কাহিনিকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন জুহি।

জুহি বলেন, “আমাদের বন্ধুত্বে কোনো ধরনের সমস্যা নেই। ব্যস্ততার কারণে হয়ত আমাদের আগের মতো দেখা হয় না। এখন যেমন আমি আর মাধুরী একসঙ্গে কাজ করছি। কাজই আমাদের কাছে নিয়ে এসেছে। তবে আবারও মাধুরী ‘ঝালাক দিখলা জা’ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, আর আমি ব্যস্ত হয়ে পড়ব আমার কাজে।”

জুহি আরও বলেন, “যদি কোনো প্রয়োজনে শাহরুখকে ডাকি, আমি জানি, তাকে পাশে পাব। তবে আমি চাই না তার ব্যস্ততার মধ্যে তাকে আরও ঝামেলায় ফেলতে।”

তবে বরাবরই কেন তার আর শাহরুখের বন্ধুত্ব নিয়ে আলোচনা শুরু হয় এই বিষয়টি পরিষ্কার নয় জুহির কাছে।

তিনি বলেন, “আমি জানি না কেন এমন হয়। এটি আমাদের ব্যক্তিগত বিষয়। আর এটি নিয়ে এত মাতামাতির কারণ আমি দেখি না। শুধু কাজ ছাড়াও আমাদের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক আছে এটি নিয়ে এত আলোচনার কি আছে, তা আমি বুঝি না।”

জুহির ভাই ববিকে রেড চিলিজ প্রযোজনা সংস্থার সিইওর পদ থেকে জুহিকে কিছু না জানিয়েই সরিয়ে দেওয়া হয়। আর তখন থেকেই জুহি এবং শাহরুখের মধ্যে সম্পর্কে ফাটলের শুরু হয় বলে জানা গেছে।

জুহি বলেন, “আমি যাদের সঙ্গে কাজ করেছি, যেমন- শাহরুখ খান, আমির খান বা অমৃতা সিং, সবাই আমার বন্ধু। তবে এর মানে এই না, আমি তাদের সঙ্গে প্রতিদিন কথা বলি।”

এক সময় বলিউডের আলোচিত ও জনপ্রিয় হিট জুটি ছিলেন শাহরুখ-জুহি। তারা একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ‘রাজু বন গ্যায়া জেন্টালম্যান’, ‘ডার’, ‘ডুপলিকেট’, ‘ইয়েস বস’ ইত্যাদি।

জুহি এই প্রথমবার কাজ করেছেন মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘গুলাব গ্যাং’ সিনেমায়। এতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।