২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনার বন্ধু অনুরাগ

অভিনেত্রী কারিনা কাপুরের বন্ধুর তালিকায় যুক্ত হল নতুন নাম; তিনি পরিচালক অনুরাগ কশ্যপ। নতুন এই বন্ধুর কাছ থেকেই এখন সিনেমা বাছাইয়ের পরামর্শ নেবেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 04:30 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গোরি তেরি’ পেয়ার মে’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এ নিয়ে খুব একটা চিন্তিত নন কারিনা। তবে পরবর্তীতে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে পরিচালক অনুরাগ কশ্যপের পরামর্শ অনুসরণ করবেন বলে জানিয়েছেন বেবো।

এনডিটিভি জানায়, সম্প্রতি অনুরাগ কারিনার সিনেমা নির্বাচন নিয়ে কথা বলেন। অনুরাগের মতে, সিনেমায় কে অভিনয় করছেন তা না দেখে, কাহিনি নিয়ে চিন্তা করা উচিত কারিনার।

অনুরাগের এমন কথার সঙ্গে একমত কারিনা। কারিনা বলেন, “অনুরাগ ঠিক কথাই বলেছেন। আমার বোন কারিশমা এবং আমার স্বামী সাইফও এই বিষয়টিই মাথায় রাখেন। আমিও এখন থেকে সিনেমার গল্পের উপর নির্ভর করেই সিনেমার কাজ হাতে নেব। অনুরাগের মতো একজন বন্ধু পেয়ে আমি দারুণ খুশি। তিনি আমাকে আমার ভুলগুলো শুধরাতে সাহায্য করবেন।”

সংবাদমাধ্যমটি আরও জানায়, হৃত্বিক রোশান ‘শুদ্ধি’ সিনেমায় কাজ না করার সিদ্ধান্তে দারুণ আশাহত হয়েছেন বেবো। দীর্ঘ বিরতির পর হৃত্বিকের সঙ্গে কাজ করতে না পারাটাই মূল কারণ বলে জানালেন তিনি। তবে তিনি নির্মাতারা নতুন কাউকে খুঁজে নেওয়ার জন্য অপেক্ষা করবেন না বলে জানান।

বেবো বলেন, “দর্শকরা আমাকে আর হৃত্বিককে আবার একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন। আমিও সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। তবে আশা করছি আমরা আবার এমন সুযোগ পাব।”

এদিকে, ‘সিংঘাম টু’-এ অজয়ের বিপরীতে অভিনয় করবেন কারিনা। সিনেমাটিতে মহারাষ্ট্রের একটি মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। আর সে কারণেই নতুন ভাষা শিখতে হচ্ছে তাকে। ‘বম্বে সামুরাই’ সিনেমাটির জন্যও নিজেকে প্রস্তুত করছেন কারিনা। জিরো ফিগারের পর এই সিনেমায় এবার দেখা যাবে কারিনার সিক্স প্যাক।

মাঝে গুজব ছড়িয়েছিল-- মা হতে যাচ্ছেন কারিনা। আর এ নিয়ে কিছুটা বিরক্তিও প্রকাশ করেন তিনি।

কারিনা বলেন, “আগামী তিন বছরের মধ্যে এমন কোনো সম্ভাবনা নেই। আর এ বিষয়টি নিশ্চিত করছি সাইফ এবং আমি-- আমরা দুজনই।”