২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়ার সঙ্গে নাচবেন রেহমান

কেবল গানেই নয়, নাচেও এবার নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ এসেছে এ আর রেহমানের সামনে; ‘হাইওয়ে’ সিনেমার একটি গানে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে নাচবেন অস্কারজয়ী ওই সংগীত পরিচালক।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 04:26 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

মুক্তিপ্রতীক্ষিত ‘হাইওয়ে’ সিনেমায় রেহমানের সুরে গান গেয়েছেন বলিউডি অভিনেত্রী আলিয়া ভাট। গানটির মিউজিক ভিডিওতে আলিয়ার সঙ্গে নাচতে দেখা যাবে তাকে।

মিউজিক ভিডিওতে রেহমানের নাচার বিষয়টি নিশ্চিত করেছেন আলিয়া নিজে।

আলিয়া বলেন, “রেহমান স্যারের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা। তার উপস্থিতি ‘পাটাখা গুড্ডি’ গানকে আরও স্পেশাল করেছে।”

এদিকে প্রথম গানের অভিজ্ঞতা সম্পর্কে আলিয়া বলেন, “রেহমান স্যার ছাড়া অন্য কেউ হলে হয়ত আমি গান গাইতে পারতাম না। তবে স্টুডিওতে ঢোকার পর আমার ভয় কেটে গেছে। আর এখন মনে হয় আমি যে কারও সঙ্গে গান গাইতে পারব।”

মুম্বাই মিরর জানায়, প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে নাচবেন এ আর রেহমান।

বিষয়টি নিয়ে সিনেমার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, “ভিডিওটির কোনো কিছুই এখনও নিশ্চিত করা হয়নি। সিনেমাটির শুটিংয়ের শেষ দিকে ভিডিও শুটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভিডিওর জন্য ফিল্ম সিটিতে একটি ধাবা (ভারতীয় খাবার দোকান) বানানো হয়েছে। এতে করে গানটিতে উত্তর ভারতের স্বাদ পাওয়া যাবে। আর রাস্তার অংশের শুটিংগুলো হবে মুম্বাইয়ের বাইরে কোথাও।”

গানটি ‘পাটাখা গুড্ডি’ গানের একটি ভার্সন। গানটির শুটিংয়ে গ্রাম্য একটি ভাব আনা হয়েছে। গানটির কোরিওগ্রাফি করেছেন অ্যাশলি লোবো। গানের শুটিং শেষ হতে আরও দুদিন সময় লাগতে পারে।