অভিনয় ছাড়ছেন ক্লুনি?
অভিনয় ছেড়ে এখন থেকে পরিচালনাতেই বেশি মনোযোগ দেওয়ার কথা ভাবছেন অস্কারজয়ী হলিউডি অভিনেতা জর্জ ক্লুনি ।
যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট পত্রিকা জানিয়েছে, সম্প্রতি ভক্তদের এ রকম ইঙ্গিত দিয়েছেন ৫২ বছর বয়সী ওই অভিনেতা। ফলে অনেকেই ভাবছেন, হয়ত এবার অবসরে যেতে চান ক্লুনি।
এ ব্যাপারে ব্যাং শোবিজকে তিনি বলেন, “ভক্তরাই আপনাকে বলে দেবে কখন আপনার অবসরে যাওয়া উচিত। আর আমার ক্ষেত্রে সম্ভবত সেই সময় এসে গেছে।”
ক্লুনি আরও জানান, ভবিষ্যতে তিনি নিজেকে পরিচালকরূপে দেখতে চান, অভিনেতা নয়। কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে, তার বয়স বাড়ছে।
সম্প্রতি স্কাই নিউজকে তিনি বলেছিলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন ঐ সময়ের জন্য, যখন আর কেউ তাকে অভিনয়ের প্রস্তাব দেবে না।
ক্লুনি আরও জানান, মানুষ যখন তাকে ক্যামেরার সামনে দেখতে দেখতে একঘেয়ে বোধ করবে, তখন অভিনয় না করে অন্য কিছুতেই মনযোগ দেবেন তিনি। এক্ষেত্রে পরিচালনাই হল তার প্রথম পছন্দ।
ক্লুনি জানান, বেশ কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি পরিচালনা করছেন তিনি। আর তাই ভবিষ্যতে এই প্রতিভাকে আরও কাজে লাগাতে চান।
ক্লুনি পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হল ‘দ্য মনুমেন্টস মেন’। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্লুনি, সেইসঙ্গে এতে অভিনয়ও করেছেন তিনি।
হলিউডের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে ছয়টি ভিন্ন ভিন্ন বিভাগে অস্কার মনোনয়ন পাওয়া ক্লুনি ক্যারিয়ার শুরু করেছিলেন টিভি অভিনেতা হিসেবে। নব্বই দশকের মেডিকেল ড্রামা ‘ইআর’-এর জন্য দুটি এমি মনোনয়নও পেয়েছিলেন তিনি। কালক্রমে ছোটপর্দা থেকে তিনি চলে আসেন বড়পর্দায়; ‘ওশেনস ট্রিলজি’, ‘কনফেশনস অফ আ ডেনজারাস মাইন্ড’, ‘গুড নাইট অ্যান্ড গুড লাক’-এর মতো সিনেমা তাকে নিয়ে যায় খ্যাতির শীর্ষে। ২০০৫ সালের সিনেমা ‘সিরিয়ানা’তে অভিনয়ের সুবাদে তিনি অর্জন করেন জীবনের প্রথম অস্কার। পরবর্তীতে ‘মাইকেল ক্লেটন’, ‘আপ ইন দ্য এয়ার’ এবং ‘দ্য ডিসেনডেন্ট’-এর জন্য আরও তিনবার অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তার সর্বশেষ অস্কারপ্রাপ্তি ২০১২ সালে; ওই বছরের সেরা চলচ্চিত্র ‘আরগো’-এর যৌথ প্রযোজক হিসেবে বেন অ্যাফ্লেকের সঙ্গে পুরস্কারটি গ্রহণ করেন তিনি।
