রানভিরের স্বপ্নপূরণ
‘গুন্ডে’ সিনেমার মাধ্যমে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয়ের স্বপ্ন পূরণ হয়েছে রানভির সিংয়ের।
মুক্তি প্রতীক্ষিত বলিউডি সিনেমা গুন্ডেতে সত্তরের দশকের দুই গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন বলিউডি অভিনেতা রানভির সিং এবং অর্জুন কাপুর।
এশিয়ান নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে জানা যায়, রানভিরের বরাবরই গ্যাংস্টার নিয়ে নির্মিত সিনেমাগুলোর প্রতি আকর্ষণ বেশি ছিল। ‘সিটি অফ গড’, ‘ক্যাসিনো’, ‘বাস্তব’, ‘কোম্পানি’, ‘সত্য’-এর মতো গ্যাংস্টার সিনেমাগুলো ছিল তার পছন্দের তালিকার শীর্ষে।
আদিত্য চোপড়ার প্রযোজনায় অ্যাকশন ক্রাইম থ্রিলারভিত্তিক ‘গুন্ডে’ সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৭১ সালের প্রেক্ষাপটে। ১৯৭০-এ কলকাতার দুই তরুণের গ্যাংস্টার হয়ে ওঠা এবং তাদের অস্ত্র এবং কয়লার ব্যবসার কাহিনি নিয়ে সিনেমা।
সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন রানভির এবং অর্জুন। তাদের প্রেমিকা হিসেবে অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়া। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন ইরফান খান।
সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে।
ইয়াশরাজ ফিল্মসের সঙ্গে ‘গুন্ডে’ হতে যাচ্ছে রানভির সিং অভিনীত তৃতীয় সিনেমা। একই প্রযোজনা প্রতিষ্ঠানের ২০১০ সালের সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’-এর মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল তার। পরবর্তীতে তাদের আরেকটি হিট সিনেমা ‘লেডিজ ভার্সেস রিকি ভেল’-এও অভিনয় করেছেন তিনি। দুটি সিনেমাতেই তার বিপরীতে অভিনয় করেছিলেন আনুশকা শর্মা।
রানভিরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’। ২০১৩ সালের ব্লকবাস্টার হিট ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।
